কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই BHEL-এ বড় চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? জেনে নিন

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)-এর তিরুচিরাপল্লি ইউনিটে আইটিআই (ITI) উত্তীর্ণ তরুণ-তরুণীদের জন্য শিক্ষানবিশি বা অ্যাপ্রেন্টিসশিপের সুবর্ণ সুযোগ ঘোষণা করা হয়েছে। মোট ৩৮০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে এবং নির্বাচিত প্রার্থীরা ১২ মাসের পেইড ট্রেনিংয়ের সুযোগ পাবেন। সবথেকে বড় বিষয় হলো, এই পদে আবেদনকারীদের কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৯টি ট্রেডে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে ফিটার পদের জন্য ১২৫টি, ওয়েল্ডার ১১৫টি, ইলেকট্রিশিয়ান ৩০টি, টার্নার ২০টি এবং মেশিনিস্ট পদে ২০টি আসন রয়েছে। ট্রেড ভেদে নির্বাচিত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট, ইন্সট্রুমেন্ট মেকানিক, মোটর মেকানিক এবং মেকানিক R&AC ট্রেডের প্রার্থীরা প্রতি মাসে ১১,০৪০ টাকা এবং ওয়েল্ডার ও COPA ট্রেডের প্রার্থীরা প্রতি মাসে ১০,৫৬০ টাকা করে উপবৃত্তি পাবেন।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এনসিভিটি (NCVT) বা এসসিভিটি (SCVT) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে নিয়মিত ও পূর্ণকালীন আইটিআই ডিগ্রিধারী হতে হবে। ১ আগস্ট, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। তবে পূর্বে যাঁরা শিক্ষানবিশি সম্পন্ন করেছেন বা বর্তমানে করছেন, তাঁরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের প্রথমে সরকারি পোর্টাল apprenticeshipindia.gov.in-এ নাম রেজিস্টার্ড করতে হবে। এরপর BHEL তিরুচিরাপল্লি অ্যাপ্লিকেশন পোর্টাল (trichy.bhel.com)-এর মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আইটিআই সার্টিফিকেট, ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।