‘দেশের মাটিতে এই অবমাননা কীভাবে সম্ভব?’ তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিক Exclusion নিয়ে মোদীকে তীব্র আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi) সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। শুক্রবারের এই অনুষ্ঠানে শুধুমাত্র পুরুষ সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যা ভারতের মাটিতে তালিবানের লিঙ্গবৈষম্যপূর্ণ মনোভাব প্রকাশের অভিযোগ উসকে দিয়েছে।
এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল ও সাংবাদিক মহল। বিতর্ক বাড়তেই শনিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, “এতে সরকারের কোনো ভূমিকা ছিল না। আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে ভারতবর্ষের সরকার বা বিদেশমন্ত্রী কোনোভাবে জড়িত ছিলেন না।”
মোদীকে ট্যাগ করে প্রিয়াঙ্কা গান্ধীর চরম তোপ
এই ঘটনায় সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে ‘এক্স’ (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে লেখেন:
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, অনুগ্রহ করে স্পষ্ট করুন কেন তালিবান সরকারের বিদেশমন্ত্রীর প্রেস কনফারেন্সে ভারতের সবচেয়ে দক্ষ নারীদের উপস্থিতি নিশ্চিত করা হলো না? যদি ভারতের নারীদের অধিকারকে কেবল নির্বাচনী রাজনীতির পোস্টিং মনে করা না হয়, তাহলে দেশের মাটিতে এই অবমাননা কীভাবে সম্ভব হলো?”
পুরুষ সাংবাদিকদেরও বয়কটের পরামর্শ চিদাম্বরমের
বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরমও এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে তোপ দেগেছেন। তিনি বলেন, “আমি হতবাক যে আফগান বিদেশমন্ত্রী মুত্তাকির প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের স্থান নেই। আমার ব্যক্তিগত মত, তখন পুরুষ সাংবাদিকদের উচিত ছিল অনুষ্ঠান ত্যাগ করা।”
সামাজিক মাধ্যমে এবং সাংবাদিক সমাজ এটিকে সরাসরি নারীবিদ্বেষ এবং ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের অবমাননা হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, তালিবান সরকার দীর্ঘদিন ধরেই আফগান নারীদের শিক্ষা, চাকরি ও সামাজিক জীবনের সমস্ত ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে।
প্রেস কনফারেন্সটি আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি এবং ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে বৈঠকের পর অনুষ্ঠিত হয়েছিল।