‘দেশের তৃতীয় বৃহত্তম দলের নেতার অ্যাকাউন্ট ব্লক’-আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সপা-র

সমাজবাদী পার্টির (Samajwadi Party- SP) প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলল দলটি। সপা নেতারা এই ঘটনার জন্য বিজেপি সরকারকে দায়ী করে আক্রমণ শানিয়েছেন। বিরোধী নেতার ফেসবুক সাসপেন্ডকে গণতন্ত্রের উপর আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে সমাজবাদী নেতৃত্ব।

সপা নেতার কড়া আক্রমণ ও হুঁশিয়ারি:

সমাজবাদী পার্টির নেতা ফকরুল হাসান চাঁদ এই বিষয়ে তাঁর ‘X’ (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন:

“দেশের তৃতীয় বৃহত্তম দলের নেতা অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড গণতন্ত্রের উপর আক্রমণ। বিজেপি সরকার দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে। তাই বিরোধীদের তোলা প্রতিটি স্বর দমন করতে চাইছে।”

ওই সপা-নেতা আরও জানিয়েছেন যে, এর পরেও সমাজবাদী পার্টি বিজেপি-র জনবিরোধী নীতির বিরোধিতা চালিয়ে যাবে। এর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট অবিলম্বে রিস্টোর না করা হলে দল আইনি পদক্ষেপ করবে।

‘গণতান্ত্রিক কাঠামোয় আঘাত’:

সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক রাজীব রাইও অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড নিয়ে সরব হয়েছেন। তিনি ‘X’ পোস্টে লিখেছেন:

“উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের তৃতীয় বৃহত্তম দলের নেতার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক শুধু নিন্দাজনক নয়, এটি ভারতের গণতান্ত্রিক কাঠামোয় আঘাত।”

এর পাশাপাশি, তিনি কটাক্ষ করে বলেছেন যে বিজেপি এই কাজ করে ‘মারাত্মক ভুল’ করেছে।

এছাড়াও, সমাজবাদী পার্টির বিধায়ক পূজা শুক্লা, পবন পাণ্ডের মতো নেতারাও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ করে ঘটনার কড়া সমালোচনা করেছেন। যদিও এই ঘটনা নিয়ে বিজেপি-র পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।