দেব দীপাবলিতে গঙ্গা জুড়ে আলোর মেলা! বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে হাজারো ভক্তের ঢল, লক্ষ দ্বীপ প্রজ্জ্বলন

কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় দীপ জ্বালিয়ে পালিত হলো হিন্দুদের ঐতিহ্যবাহী উৎসব দেব দীপাবলি। এই উৎসব মূলত উত্তরপ্রদেশের বারাণসীতে সাড়ম্বরে উদযাপিত হলেও, হাওড়ার নদীপাড়েও হাজার হাজার মানুষ এই উৎসবে সামিল হন।
হুগলি নদীর পশ্চিম পাড়ে লক্ষ লক্ষ দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা ও আরতি করা হয়। প্রতি বছরের মতো এবারও হাওড়ার বাঁধাঘাটে অবস্থিত বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে সাড়ম্বরে দেব দীপাবলি আয়োজিত হয়। এদিন হাজার হাজার মানুষের ঢল নামে মন্দির প্রাঙ্গণে।
উৎসবের চিত্র ও আয়োজন: এই মন্দিরটি নদীর পাড়ে অবস্থিত হওয়ায় সন্ধ্যায় হুগলি নদীর তীরবর্তী এলাকা লক্ষ লক্ষ দ্বীপের আলোয় ঝলমল করে ওঠে। এই বছর চতুর্থ বর্ষে পদার্পণ করা এই উৎসবকে আরও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়। চতুর্দিক পুষ্প এবং দ্বীপের আলোয় সেজে ওঠে। আরতি, মন্ত্র পাঠ এবং দীপ জ্বালানোর মাধ্যমে দেবদেবীর আহ্বান করা হয়।
মন্দির কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এই দিন বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়, যেখানে সারা বাংলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। মন্দির চত্বরে তিল ধারণের জায়গা থাকে না। এই মন্দিরের নদী পাড়ে পঞ্চশীরের বিশাল আকৃতির শিব মূর্তি ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে।
দেব দীপাবলির তাৎপর্য: এ প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষ প্রভুনাথ তিওয়ারি জানান, হিন্দু শাস্ত্র মতে, দীপ দীপাবলিতে স্বর্গ থেকে দেবদেবীরা মর্তে আগমন করেন। তাই দেবদেবীর আহ্বানে দীপ জ্বালানোর এই রীতি প্রচলিত। সেই রীতি মেনেই হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে এই উৎসব পালিত হয় এবং এটিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের আগমন ঘটে।