নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুন, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য! কীভাবে অপহৃত হন স্বপন পামেল্লা?

গত বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মৃতদেহটি পরে শনাক্ত হয়। মৃতের নাম স্বপন পামেল্লা। তিনি পশ্চিম মেদিনীপুরের দিলমাটিয়া গ্রামের বাসিন্দা হলেও সল্টলেকের দত্তাবাদ এলাকায় একটি সোনার দোকান ভাড়া নিয়ে চালাতেন এবং সেখানেই ভাড়া থাকতেন। স্বর্ণ ব্যবসায়ী খুনের তদন্তে নেমে পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

সিসিটিভি ফুটেজে অপহরণের দৃশ্য: ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, ব্যবসায়ী স্বপন পামেল্লাকে গত মঙ্গলবার সল্টলেক দত্তাবাদের সোনার দোকান থেকে দুটি গাড়িতে করে অপহরণ করা হয়।

সময়: দুপুর ১২টা ৫২ মিনিট নাগাদ তাঁকে অপহরণ করা হয়।

স্থানান্তর: মাত্র ২৮ মিনিটের ব্যবধানে দুপুর ১টা ২০ মিনিট নাগাদ তাঁকে নিউটাউন এবি ব্লকের একটি ফ্ল্যাটে নিয়ে আসা হয়। সিসি ক্যামেরা ফুটেজে এই পুরো দৃশ্যটি স্পষ্ট।

মারধর ও টেনেহিঁচড়ে বের করার দৃশ্য: বিডিও অফিসের গেটের সামনের ফুটেজে আরও চঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে, যা বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ফ্রিজ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে—

অপহরণে শুধু দুটি গাড়ি নয়, আরও চারটি বাইক এসেছিল।

বাইকগুলির নাম্বার প্লেটও বাইরের ছিল; অর্থাৎ দুষ্কৃতীরা নিউটাউন সংলগ্ন এলাকার ছিল না।

এরপরে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ রীতিমতো টেনেহিঁচড়ে চ্যাংদোলা করে তাঁকে একটি ফরচুনার গাড়িতে তোলা হচ্ছে, সেটাও সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ওই সময় চিৎকার চেঁচামেচি হয়েছিল এবং মারধর করা হয়েছিল। যখন স্বপনবাবু জ্ঞান হারিয়ে যান, তখনই তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়।

যে রাস্তা ধরে দুষ্কৃতীরা যাত্রাগাছি খালপাড়ে গিয়েছিল, সেই রাস্তার আরও কিছু ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ।