উইকেন্ডে বদল! কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা? আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ পূর্বাভাস

আবহাওয়ায় দ্রুত বদল আসছে। সকালে এবং রাতের দিকে হালকা ঠান্ডা হাওয়া অনুভূত হচ্ছে। জানা গেছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত দিয়ে স্থলভাগে ঢুকে দুর্বল হওয়ার পর থেকেই আবহাওয়ার এই পরিবর্তন ঘটেছে। ক্রমে পারদ কমছে এবং অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ।

শীতের আগমনী বার্তা:

এই পরিবর্তনের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ এখন পরিষ্কার।

দেশের উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা ও শুকনো বাতাস উত্তর ও মধ্য ভারতে ইতিমধ্যেই শীতের বার্তা দিতে শুরু করেছে। মধ্য ভারতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে।

এই উত্তুরে হাওয়া এবার বাংলায় প্রভাব ফেলতে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এই উইকেন্ড থেকেই শীতের উপস্থিতি বোঝা যাবে।

কোথায় কত পারদ নামল? বুধবার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন রাজ্যের অন্তত ২০টি জায়গায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।

বাংলার সমতল এলাকার মধ্যে এদিন পুরুলিয়া ছিল শীতলতম, যেখানে রাতের তাপমাত্রা নেমে এসেছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণবঙ্গে উলুবেড়িয়া, মেদিনীপুর, দিঘা, বাঁকুড়া, শ্রীনিকেতন, কলাইকুণ্ডা, বর্ধমান, আসানসোল ও সিউড়িতে এবং উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও সিউড়িতেও রাতের তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে এসেছে।

বৃষ্টির সম্ভাবনা ও জাঁকিয়ে শীতের পূর্বাভাস: হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, সামনের সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চিন সাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত জন্ম নিতে চলেছে, যার অবশিষ্টাংশ বঙ্গোপসাগরেও এসে পড়তে পারে। তার জেরেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদদের অনুমান, সম্ভবত এই বৃষ্টি কেটে যাওয়ার পরই রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে পারে।