দেবের চোখে ‘বেঙ্গল ক্রাশ’ ইধিকা পাল, টলিউডের নতুন জুটি নিয়ে শুরু জোর চর্চা

অভিনেত্রী ইধিকা পাল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। টেলিপাড়ার এই পরিচিত মুখ এখন ব্যস্ত একের পর এক ছবির শুটিং নিয়ে। এরই মধ্যে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টলিউড সুপারস্টার দেব। দেবের আগামী ছবি ‘রঘু ডাকাত’-এ তিনি আবারও তার সঙ্গে জুটি বাঁধছেন, যা দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি করেছে।

কী বললেন দেব?

সম্প্রতি দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইধিকা ও সোহম চক্রবর্তীর নতুন ছবি ‘বহুরূপ’-এর ট্রেলার শেয়ার করেছেন। সেখানে তিনি ইধিকাকে ‘বেঙ্গল ক্রাশ’ বলে সম্বোধন করেন। দেব লেখেন, “আমার আদরের ভাই সোহম ও ‘বেঙ্গল ক্রাশ’ ইধিকাকে শুভেচ্ছা।” দেবের এই মন্তব্যের পর থেকেই ইধিকাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইধিকাও দেবকে ধন্যবাদ জানিয়েছেন।

গুঞ্জন কি সত্যি?

দেব ও ইধিকাকে নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। শোনা যায়, পর্দার বাইরেও তাদের সম্পর্ক বেশ গভীর, যার কারণে দেবের দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মৈত্র কিছুটা বিরক্ত। তবে এই গুঞ্জন এখনো পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

ইধিকার সিনেমার জীবন

ইধিকা পাল বাংলা টেলিভিশনের একটি পরিচিত মুখ। ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকে তার প্রথম পর্দায় আসা। এরপর ‘রিমলি’ এবং ‘পিলু’-তে তিনি অভিনয় করেছেন। ‘পিলু’ ধারাবাহিকে রঞ্জিনী বা রঞ্জা চরিত্রে তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

টলিউডে তার হাতেখড়ি হয়েছে দেবের সঙ্গে ‘খাদান’ ছবির মাধ্যমে, যা এখনো মুক্তি পায়নি। তবে বড় পর্দায় ইধিকার প্রথম কাজ বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে। সেখানে তিনি শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও তিনি পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে ‘কবি’ ছবিতে কাজ করছেন।

ইধিকার জনপ্রিয়তা এখন তুঙ্গে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ ছবিতে তার রসায়ন দেখার জন্য।