দিল্লি বিস্ফোরণের জের: জঙ্গলমহলে হাই অ্যালার্ট! খড়গপুর-মেদিনীপুর স্টেশনে স্নিফার ডগ, কড়া চেকিং

সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যায় রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর গোটা দেশে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই হামলায় ৯ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। এরপর থেকেই দিল্লি, মুম্বই, কেরল ও হায়দরাবাদ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নাশকতার ছক এড়াতে এবার জঙ্গলমহল মেদিনীপুর এবং রেলশহর খড়গপুর-এও শুরু হয়েছে বাড়তি নজরদারি।

সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর যাত্রীদের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে তল্লাশি অভিযান শুরু করেছে রেলপুলিশ। খড়গপুর ও মেদিনীপুর স্টেশন, যা একাধিক দূরপাল্লার ট্রেনের যাতায়াতের অন্যতম পথ, সেখানে উচ্চপদস্থ রেল আধিকারিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশেরা তল্লাশি চালায়।

খড়গপুর স্টেশন: প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত হওয়ায় রেলশহর খড়গপুরে নিরাপত্তা সবচেয়ে বেশি জোরদার করা হয়েছে। স্টেশনের একাধিক প্ল্যাটফর্মে স্নিফার ডগ (Sniffer Dog) এনে রাত পর্যন্ত ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।

মেদিনীপুর স্টেশন: জেলার সদর শহরে অবস্থিত মেদিনীপুর রেলস্টেশনেও তল্লাশি অভিযানে নামে রেলপুলিশ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়িতে মেটাল ডিটেক্টর (Metal Detector) দিয়ে কড়া চেকিং চালানো হয়।

দিল্লিতে এমন মর্মান্তিক ঘটনার পর দেশের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন ওঠায়, রেলপুলিশ এখন কোনো ঝুঁকি নিতে নারাজ। দিল্লির পাশাপাশি জঙ্গলমহলেও নাশকতার কোনও ছক রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এই টানা তল্লাশি অভিযান।