‘ষড়যন্ত্রকারীরা পার পাবে না!’ ভুটানের মাটি থেকে হুন্ডাই i20 বিস্ফোরণ নিয়ে প্রথম প্রকাশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে মেট্রো স্টেশনের কাচ ফেটে যায় এবং মানুষের দেহাংশ ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার দু’দিনের ভুটান সফরে গিয়ে রাজধানী থিম্পুর চাঙ্গলিমিথাং স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে আজ আমি এখানে এসেছি। গতকাল সন্ধ্যায় দিল্লিতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। সবার মন খারাপ। এই ঘটনায় যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শোক আমি বুঝতে পারছি। দেশ তাঁদের পাশে রয়েছে।”

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “গতকাল সারারাত আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাদের তদন্তকারী সংস্থাগুলি ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করবে। এর নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীরা ছাড় পাবে না।”

দিল্লির বিস্ফোরণে মৃত ও ক্ষতিগ্রস্তদের জন্য ভুটানের চাঙ্গলিমিথাং স্টেডিয়ামে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়, যেখানে লক্ষ লক্ষ ভুটানবাসী অংশ নেন। ভুটানের রাজা ড্রুক গেয়ালপো ভারতের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আমরা সবাই ভারতের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রার্থনা করছি।”

নয়াদিল্লিতেও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চপর্যায়ের তত্পরতা দেখা গিয়েছে।

রাজনাথ সিং: ‘দিল্লি ডিফেন্স ডায়ালগ’ অনুষ্ঠানে রাজনাথ সিং একই বার্তা দিয়ে বলেন, “তদন্তকারী সংস্থাগুলি দ্রুত এই তদন্ত শেষ করার চেষ্টা করছে। আমি সরকারের তরফে আশ্বাস দিচ্ছি, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিচার হবে। কোনও অবস্থাতেই কাউকে রেয়াত করা হবে না।”

অমিত শাহ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে দিল্লিতে একটি উচ্চস্তরীয় বৈঠক করেছেন। দিল্লি পুলিশ ইতিমধ্যেই কঠোর ইউএপিএ (UAPA) ধারা, বিস্ফোরক আইন এবং বিএনএস-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে এবং এনআইএ ঘটনার তদন্ত করছে। যদিও কেন্দ্রীয় সরকার এখনও জঙ্গি-যোগের বিষয়টি নিশ্চিত করেনি, তবে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে, এই ঘটনায় সব দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।

বিস্ফোরণটি একটি হুনডাই i20 গাড়িতে হয়েছিল বলে জানা যায়। এই ঘটনা দেশের সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।