দিঘার জগন্নাথ মন্দির ঘিরে ১০ একর জমিতে হোটেল ও বাণিজ্যিক পরিষেবা

দিঘাকে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, দিঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি-র প্রায় ১০ একর জমি হিডকোর অধীনে আনা হচ্ছে। এই জমিতে নতুন করে হোটেল ও বাণিজ্যিক পরিষেবা গড়ে তোলার জন্য ‘ফ্রি হোল্ড পলিসি’-র মাধ্যমে তা ইচ্ছুক বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হবে। মূলত, দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পর্যটকদের আকর্ষণ বাড়াতেই রাজ্য এই উদ্যোগ নিয়েছে।


 

নগর উন্নয়ন দপ্তরের সিদ্ধান্তে স্বস্তি

 

রাজ্য মন্ত্রিসভা নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা প্লটগুলোর বিষয়েও একটি বিশেষ নীতি প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত এই প্লটগুলো বিভিন্ন শিল্প ইউনিটকে তাদের কর্মীদের আবাসিক বাসস্থানের জন্য ৯৯ বছরের বা তার বেশি সময়ের জন্য লিজ দেওয়া হতো। এখন থেকে সেই সমস্ত প্লটগুলিকে রিয়েল এস্টেট বা হাউসিং প্রোজেক্ট নির্মাণের উদ্দেশ্যে রূপান্তরিত করা যাবে। এই নতুন নীতি আবাসন শিল্পে গতি আনবে বলে আশা করা হচ্ছে।

পর্যটন ও নগর উন্নয়নে সরকারের এই দুটি বড় সিদ্ধান্ত দিঘার সার্বিক উন্নয়ন এবং রাজ্যে আবাসন শিল্পের প্রসারে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।