দামোদরে ভেসে গেলেন ৭০ বছরের বৃদ্ধা, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকারে ছুটে এলেন গ্রামবাসীরা! অল্পের জন্য প্রাণ রক্ষা, তারপর কী ঘটল?

ডিভিসি থেকে ছাড়া জল এবং নিম্নচাপের বৃষ্টির কারণে দামোদর নদের জলস্তর মারাত্মকভাবে বেড়ে যাওয়ার মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। গতকাল সন্ধ্যায় ভরা দামোদরে স্নান করতে নেমে ভেসে গিয়েছিলেন এক ৭০ বছর বয়সী বৃদ্ধা। গ্রামবাসীদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল তাঁর জীবন।
কীভাবে ঘটল ঘটনা?
বৃদ্ধার নাম মাতুরি টুডু, বাড়ি রায়নার হিজলনার জাকতা গ্রামে। গতকাল সন্ধ্যায় বেগোর মোড়ে, যেখানে দামোদর নদ দুটি ভাগে ভাগ হয়ে দামোদর ও মুন্ডেশ্বরীতে পরিণত হয়েছে, সেই মুইদিপুর গ্রামে হঠাৎ গ্রামবাসীরা “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার শুনতে পান।
সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা ছুটে যান এবং সকলে মিলে তদারকি করে বৃদ্ধাকে নদীর পাড়ে টেনে তোলেন। মাতুরি দেবী বলেন, জল বেশি থাকায় স্নান করতে নেমে তিনি ভেসে যান।
উদ্ধারের পর হাসপাতালে
দীর্ঘক্ষণ জলে থাকার কারণে বৃদ্ধার শরীর শীতে কাঁপছিল। এলাকার মহিলারা দ্রুত তাঁকে নতুন পোশাক পরান। এরপর জামালপুর থানার পুলিশ সেই বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তিনি সুস্থ আছেন। জামালপুর থানার পুলিশ তাঁর পরিবারের সাথে যোগাযোগ করেছে। দামোদরের ভরা জলে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, তবে বৃদ্ধাকে জীবিত উদ্ধার করতে পারায় স্বস্তিও পেয়েছেন স্থানীয়রা।