দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, ভিজছে উত্তরবঙ্গও; আজ আপনার জেলায় ভারী বৃষ্টির সর্তকতা নেই তো?

রাজ্যের আবহাওয়া বিন্যাসে বড়সড় ওলটপালট! সোমবার সন্ধ্যার পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টিতে এক লহমায় বদলে গিয়েছে পরিবেশ। গত কয়েকদিনের ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়া কাটিয়ে শহরবাসী এখন বৃষ্টির আমেজে ভাসছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমের পর মঙ্গলেও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। ঝোড়ো হাওয়া আর বারিধারায় তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ায় বজায় রয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব।
কলকাতার আবহাওয়া: মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা
তিলোত্তমার জন্য আগামী ২৪ ঘণ্টা বেশ তাৎপর্যপূর্ণ। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কালবৈশাখীর জেরে দমকা হাওয়াও বইতে পারে শহরে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কয়েক ডিগ্রি কম থাকার ফলে গরমের দাপট থেকে মিলবে সাময়িক মুক্তি।
উত্তরবঙ্গ: মালদা থেকে দার্জিলিং সতর্কতা
বৃষ্টির দাপট থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা জেলায় কালবৈশাখীর তাণ্ডব হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে শুরু করে মালদা—উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গ: কোন কোন জেলা ভিজবে?
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির দাপট বেশি থাকবে। আজ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির দাপট সর্বাধিক থাকার সম্ভাবনা।
আগামী কদিন কেমন থাকবে আবহাওয়া?
মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কমলেও পুরোপুরি বিদায় নেবে না বৃষ্টি। হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি বুধবারের পরেও চলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়া সামলে মনোরম পরিবেশ উপভোগ করছেন রাজ্যবাসী।