তেজসের ‘নোজডাইভ’ আতঙ্ক! অ্যাক্রোব্যাটিক স্টান্টের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারাল যুদ্ধবিমান, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার প্রতীক, স্বদেশী যুদ্ধবিমান তেজস (Tejas), আন্তর্জাতিক মঞ্চে এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলো। শুক্রবার দুপুর ২:১০ মিনিট নাগাদ বিশ্বের অন্যতম বড় এয়ার শো, দুবাই এয়ার শো-এর শেষ দিনের অ্যারিয়াল ডিসপ্লেতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-নির্মিত লাইট কমব্যাট এয়ারক্রাফটটি (LCA) নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় বিমানটির পাইলট প্রাণ হারিয়েছেন।
কী ঘটেছিল দুবাইয়ের আকাশে?
আল মাকটুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যখন তেজসের অ্যারোব্যাটিক ম্যানুভার চলছিল, ঠিক তখনই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, তেজস যুদ্ধবিমানটি একটি স্টান্ট দেখানোর সময় হঠাৎ উল্টে যায় এবং দ্রুত মাটির দিকে ‘নোজডাইভ’ করতে থাকে।
পুনরুদ্ধারের চেষ্টা সত্ত্বেও এটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশ ছুঁয়ে ওঠে কালো ধোঁয়ার মেঘ। দুবাই মিডিয়া অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, ফায়ার ফাইটিং এবং ইমার্জেন্সি টিমগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শোক প্রকাশ ও তদন্তের নির্দেশ
ভারতীয় বিমানবাহিনী (IAF) এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ভারতীয় বিমানবাহিনী বলেছে, “আমরা পাইলটের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত এবং তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে আছি। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কোর্ট গঠন করা হচ্ছে।”
এদিকে, এই ঘটনা ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য শুধু ধাক্কাই নয়, আন্তর্জাতিক মঞ্চে তেজসের ভবিষ্যৎ সম্ভাবনাকেও প্রশ্নবিদ্ধ করেছে।
প্রাক্তন ভারতীয় কূটনীতিক কেপি ফ্যাবিয়ান এই প্রসঙ্গে সরাসরি ভারতের বিমান প্রস্তুতকারক সংস্থা HAL-কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর মন্তব্য, HAL-কে দায়িত্ব নিয়ে বিমানগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বুদ্ধিজীবী মহলেও সরব হয়েছেন অনেকে।
‘তেজ’ নিয়ে বিভ্রান্তি
প্রসঙ্গত, এই দুর্ঘটনার একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তেজসের তেল লিকের একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছিল। সরকার সেই ভিডিওটিকে ‘ফেক নিউজ’ বলে খারিজ করে। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানায়, বিমান থেকে বের হওয়া সেই ফ্লুইড ছিল পরিবেশ নিয়ন্ত্রণ সিস্টেম থেকে বের হওয়া ঘনীভূত জল, যা উচ্চ আর্দ্রতার এলাকায় অত্যন্ত স্বাভাবিক।
‘তেজস’ (সংস্কৃতে যার অর্থ ‘তেজ’ বা ‘উজ্জ্বলতা’) হলো ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার প্রতীক। এটি ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১-এর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। গত সেপ্টেম্বরে প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছিল যে, ২০২৭ সাল থেকে ডেলিভারি শুরু করার জন্য ৯৭টি তেজস বিমান কেনা হবে।