বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি, দুই দিনের এই ঠাসা কর্মসূচিতে মালদা ও সিঙ্গুরকে পাখির চোখ করেছেন তিনি। এই সফরে প্রায় ৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
১৭ জানুয়ারি মালদা থেকে নিজের সফর শুরু করবেন মোদী। সেখানে ৩,২৫০ কোটি টাকার প্রকল্পের পাশাপাশি ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (হাওড়া-গুয়াহাটি) শুভ সূচনা করবেন তিনি। রেলের পরিকাঠামো উন্নয়নে বালুরঘাট-হিলি নতুন লাইন ও নিউ জলপাইগুড়িতে আধুনিক রক্ষণাবেক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একইসঙ্গে ৪টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রারম্ভ হবে তাঁর হাত ধরেই।
১৮ জানুয়ারি মোদীর গন্তব্য সিঙ্গুর। টাটাদের প্রস্থান ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানভূমি হিসেবে পরিচিত এই সিঙ্গুর থেকেই তিনি ৮৩০ কোটি টাকার প্রকল্পের ডালি সাজিয়ে তৃণমূলকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়বেন। তৃণমূলের ‘অপশাসন’ নিয়ে সরব হওয়ার পাশাপাশি তিনি এখানে বিজেপি-র উন্নয়নমুখী সরকারের বার্তা দেবেন। বলাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেম ও বাঁকুড়ার জন্য জয়রামবাটী-ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধনও তাঁর এই সফরের অন্যতম আকর্ষণ।





