এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সারা বিশ্ব। গত বছর শান্তিতে নোবেল জয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নিজের সেই মহামূল্যবান পুরস্কারটি তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মাচাদো এই সিদ্ধান্ত নেন। ট্রাম্পের হাতে নোবেলের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন একজন রাষ্ট্রপ্রধান অন্যের পাওয়া নোবেল গ্রহণ করলেন? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প সরাসরি জানান, “মাচাদো নিজেই আমাকে এটি গ্রহণ করতে অনুরোধ করেছেন। তিনি মনে করেন, আমি আটটি যুদ্ধ থামিয়েছি এবং এই পুরস্কারের আসল দাবিদার আমিই।” ট্রাম্প আরও যোগ করেন যে, মাচাদোর এই উদারতায় তিনি মুগ্ধ এবং তাঁকে অত্যন্ত ‘দয়ালু মানুষ’ হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প শান্তির নোবেলের জন্য তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। তিনি নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে দাবি করে আসছিলেন। কিন্তু গত বছর নোবেল কমিটি তাঁকে বাদ দিয়ে মারিয়া মাচাদোকে এই সম্মান প্রদান করে, যা নিয়ে ট্রাম্প প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ এবং নিকোলাস মাদুরোর পতনের পর পরিস্থিতির আমূল বদল ঘটে। বর্তমানে ভেনেজুয়েলার রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আমেরিকার উপর ভরসা রাখছেন মাচাদো, আর সেই কৃতজ্ঞতা থেকেই নিজের নোবেলটি ট্রাম্পকে উৎসর্গ করলেন তিনি।





