তৃণমূলই ভয় পেয়েছে! পর্দানশীন মুসলিম মহিলাদের দিয়ে ‘এসআইআর’ (SIR)-এর বিরুদ্ধে মিছিল? বিস্ফোরক অভিযোগ প্রাক্তন রাজ্যপালের!

নির্বাচন কমিশনের তরফে শুরু হওয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজ্য রাজনীতিতে ক্রমেই বাড়ছে উত্তাপ। শাসকদল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করছে, যার ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই এসআইআর-এর বিরুদ্ধে মিছিল-বিক্ষোভ দেখা যাচ্ছে।
এই আবহেই এবার বিস্ফোরক অভিযোগ তুললেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল এবং প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। পর্দানশীন মুসলিম মহিলাদের একটি মিছিলের ছবি উল্লেখ করে তিনি সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। তাঁর মতে, এই বিরোধিতা আসলে তৃণমূলের সাজানো খেলা।
সংশ্লিষ্ট ছবি-সহ নিজের ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলে তথাগত রায় লেখেন, “কারা উল্টোপাল্টা বলে এসআইআর-এর বিরোধিতা করছে চোখ খুলে দেখে নিন।” এরপরই তিনি প্রশ্ন তোলেন, যে মুসলিম মহিলারা প্রকাশ্যে অন্য পুরুষের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকেন, সেই “পর্দানশীন” মহিলারা এমন মিছিলে অংশ নিলেন কী করে?
তিনি আরও যোগ করেন, “যেসব পর্দানশীন মুসলিম মহিলারা (ভারতীয় হোক বা বাংলাদেশি বা রোহিঙ্গিয়া) প্রকাশ্যে বেরিয়ে পরপুরুষের সঙ্গে কথাই বলতে পারেন না, তারা মিছিল করলেন কি করে, আর তাদের হাতে এই সব ইস্তাহারই বা কে ধরিয়ে দিল, তা বুঝতে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় কি?”
তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ
প্রাক্তন রাজ্যপাল তাঁর পোস্টে স্পষ্ট করে বলেন যে, এই মিছিলের নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর দাবি, “এসব করেছে তৃণমূল। কারণ তারা ভয় পেয়েছে।” তথাগত রায়ের অভিযোগের তির স্পষ্টতই রাজ্যের শাসকদলের দিকে। তাঁর মতে, সুষ্ঠুভাবে ভোটার তালিকা সংশোধিত হলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সুবিধা হারানোর ভয় রয়েছে, আর সেই কারণেই তারা ভিত্তিহীন আতঙ্ক ছড়িয়ে এই বিক্ষোভ দেখাচ্ছে।
SIR প্রক্রিয়াকে বিজেপি যেখানে ভোটার তালিকায় স্বচ্ছতা আনার পদক্ষেপ হিসেবে দেখছে, সেখানে তৃণমূল একে এনআরসি-এর নামান্তর বলে অভিযোগ করে আসছে। এই পরিস্থিতিতে, তথাগত রায়ের এই অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।