“তুষারে চাপা পড়ছিল তাঁবু!” এভারেস্টে ভয়াবহ তুষারঝড়, গ্রামবাসীর বীরত্বে রক্ষা পেল ৩৫০ জন

ভয়াবহ তুষারধস এবং আচমকা তুষারঝড়ে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন কয়েকশো ট্রেকার। চিনের জাতীয় দিবসের ছুটিতে তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে অবস্থিত কর্মা উপত্যকায় ট্রেকিংয়ে বেরিয়ে বিপর্যয়ের মুখে পড়েন প্রায় ৫০০ জন ট্রেকার। ভয়াবহ তুষারপাত ও ঝোড়ো হাওয়ার মধ্যে তাঁরা কয়েক ঘণ্টা ধরে হিমালয়ের এই প্রত্যন্ত অঞ্চলে আটকে ছিলেন।
চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলের তৎপরতায় এখনও পর্যন্ত ৩৫০ জন ট্রেকারকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি প্রায় ২০০ জনের সঙ্গেও যোগাযোগ করা গেছে বলে খবর।
আচমকা তুষারঝড়ে বিপর্যয়
শুক্রবার সন্ধে থেকেই কর্মা উপত্যকায় প্রবল তুষারপাত শুরু হয়, যা শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। উপত্যকার গড় উচ্চতা প্রায় ৪,২০০ মিটার, ফলে অতিরিক্ত ঠান্ডা ও আর্দ্রতার কারণে ট্রেকারদের মধ্যে হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ে।
ট্রেকার এরিক ওয়েন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করে জানান, “প্রতিদিন বৃষ্টি ও তুষারপাত হচ্ছিল, তাঁবু তুষারে চাপা পড়ছিল, প্রতি ১০ মিনিট অন্তর পরিষ্কার না করলে তাঁবুগুলো ভেঙে যেত।” তাঁর দলের তিনজন সদস্য ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে গরম পোশাকের সাহায্যে শেষ পর্যন্ত সকলে বেঁচে যান।
গ্রামবাসীর বীরত্বে রক্ষা
ট্রেকারদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কয়েকশো গ্রামবাসী তুষার সরিয়ে পথ পরিষ্কার করার কাজে এগিয়ে আসেন। জিমু নিউজের খবর অনুযায়ী, রবিবার পর্যন্ত প্রায় ৩৫০ জন ট্রেকারকে কুদাং শহরে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলের এই তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।