তীব্র গরম থেকে স্বস্তি নাকি বড় বিপদ? রাজস্থানের আকাশে দুর্যোগের কালো মেঘ!

রাজস্থানের আবহাওয়ায় আবারও বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় প্রবল বজ্রঝড়, ধুলোঝড় এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জয়পুর, দৌসা, করৌলি, সাওয়াই মাধোপুর, আলওয়ার ও ভরতপুরসহ বেশ কয়েকটি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া চুরু, ঝুনঝুনু ও টঙ্কসহ বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছে ‘কমলা সতর্কতা’।
আবহাওয়ার এই রুদ্ররূপে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কোটায় ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে গাড়ি দুমড়েমুচড়ে গেছে, বহু জায়গায় উপড়েছে বিদ্যুতের খুঁটি ও টিনের চাল। অন্যদিকে, পালির এফসিআই কেন্দ্রে খোলা জায়গায় রাখা হাজার হাজার কুইন্টাল গম অসময়ের বৃষ্টিতে ভিজে যাওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। তবে নউতপা মরসুমের ভয়াবহ গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ, তাপমাত্রা ৪৪ ডিগ্রির নিচে নেমে এসেছে। আগামী পাঁচ দিন রাজস্থানের আবহাওয়া সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে চরম সতর্কতা অবলম্বন করতে এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী জুনে তাপপ্রবাহের প্রকোপ কিছুটা কম থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।