তাজমহল থেকে গণপতি মন্দির—ভারতে ট্রাম্প জুনিয়রের ‘গোপন’ সফর, আম্বানিদের সঙ্গে এক ফ্রেমে ডান্ডিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বর্তমানে ভারত সফরে এসে গুজরাতের জামনগরে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন। অনন্ত আম্বানি ও হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের আমন্ত্রণে জামনগরে পৌঁছে তিনি শুধু রিলায়েন্সের বন্যপ্রাণ সংরক্ষণ প্রকল্পই দেখলেন না, সন্ধ্যায় মেতে উঠলেন গুজরাতি নাচ ডান্ডিয়াতে! সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ট্রাম্প জুনিয়র তাঁর স্ত্রী ভেনেসা ট্রাম্প-এর সঙ্গে আম্বানি এবং রাধিকা মার্চেন্টের উপস্থিতিতে একেবারে হাতে-কলমে ডান্ডিয়া শিখছেন এবং খেলছেন। চারজনকে একসঙ্গে নাচতে দেখে উপস্থিত সকলেই উৎসাহিত হয়ে ওঠেন।

বনতারা পরিদর্শনে মুগ্ধ ট্রাম্প পুত্র:

দিনের শুরুতে ট্রাম্প জুনিয়র যান বনতারায়—অনন্ত আম্বানির তত্ত্বাবধানে গড়ে ওঠা বন্যপ্রাণীদের বিশাল রেসকিউ ও রিহ্যাবিলিটেশন প্রকল্পে। তিনি বিভিন্ন এনক্লোজার ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে কথা বলে রিলায়েন্সের এই সংরক্ষণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্যও নেন। সূত্রের খবর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অনন্ত আম্বানির বিশেষ আমন্ত্রণেই তিনি এই প্রকল্পটি পরিদর্শনে এসেছেন। তিনি বনতারা ক্যাম্পাসের কাছাকাছি গণপতি মন্দিরে প্রার্থনাও করেন।

এর আগে সকালে তিনি আগ্রা গিয়ে তাজমহল দেখেন এবং সেটিকে “বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিস্ময়” বলে আখ্যা দেন। ট্রাম্প জুনিয়র মূলত উদয়পুরে এক ভারতীয়-আমেরিকান দম্পতির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে এসেছেন। উল্লেখযোগ্যভাবে, এটি কোনো ট্রাম্প পরিবারের সদস্যের সাম্প্রতিক সময়ের দ্বিতীয় উচ্চ-প্রোফাইল ভারত সফর।