ঢাবি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! হার্ভার্ডের শিক্ষার্থীর চাঞ্চল্যকর ‘ডিনস অ্যাওয়ার্ড’ বয়কট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জন করেও প্রশাসনের ভূমিকা ও নীরবতার অভিযোগে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করলেন এক শিক্ষার্থী। হার্ভার্ডে অধ্যয়নরত তাহসিন নামের ওই শিক্ষার্থী সোমবার ফেসবুকে এক পোস্টে জানান, ২০২৪ সালের আন্দোলনের সময় রাজনৈতিক পরিচয়ের জেরে তাকে মব হামলা, হুমকি এবং ভাইভা ও থিসিস জমা দেওয়ায় বাধা দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, প্রশাসন হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাই এই প্রতিষ্ঠানের স্বীকৃতি নিয়ে তিনি নিজের অর্জন উদযাপন করতে পারেন না। এই সিদ্ধান্ত কোনো পুরস্কারকে ছোট করার জন্য নয়, বরং যেসব সহপাঠী রাজনৈতিক পরিচয়ের কারণে নিজেদের শিক্ষা হারিয়েছেন, তাদের প্রতি সংহতি জানাতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কিছু জানেন না বলে জানালেও, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জানান যে তার অনলাইন ভাইভার ব্যবস্থা করা হয়েছিল।