এশিয়ান গেমসে মাত্র ৬ বাঙালি! বাংলার খেলাধুলোর এই করুণ দশার দায় কার?

কমনওয়েলথ গেমসে বাংলার অ্যাথলিটদের শূন্যতা নিয়ে প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার তোলা প্রশ্ন যে কতটা বাস্তবসম্মত ছিল, তা স্পষ্ট হয়ে গেল আসন্ন এশিয়ান গেমসের দল ঘোষণার পর। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা এই মহাযুদ্ধে ভারতের ৫০৩ জনের বিশাল দলে বাঙালি অ্যাথলিটের সংখ্যা মাত্র দশ জন। এর মধ্যে সরাসরি বাংলা থেকে প্রতিনিধিত্ব করছেন মাত্র ছয় জন অ্যাথলিট।
চার বছর আগের হাংঝৌ এশিয়ান গেমসে ভারত রেকর্ড ১০৬টি পদক জিতেছিল। এবার সেই সাফল্যের ধারা বজায় রাখতে মরিয়া দেশ। কিন্তু দেশের পদকসংখ্যা বাড়লেও বাংলার অবদান যে অত্যন্ত নগণ্য, তা এই স্কোয়াড দেখেই পরিষ্কার। এশিয়াডের দলে জায়গা পেয়েছেন মহিলা ক্রিকেটের তারকা রিচা ঘোষ এবং টেবিল টেনিস প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায়। তবে গতবারের পদকজয়ী ঐহিকা মুখোপাধ্যায় এবার দল থেকে বাদ পড়েছেন। হরিয়ানার হয়ে খেলা অঙ্কুর ভট্টাচার্য বা ওড়িশার প্রণতি নায়েকের মতো বাঙালিরা অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করছেন। এছাড়া মহিলা রাগবিতে শিলিগুড়ির সন্ধ্যা রাই, জিমন্যাস্টিক্সে প্রতিষ্ঠা সামন্ত এবং কবাডিতে রানাঘাটের পিঙ্কি রায় বাংলার মুখ উজ্জ্বল করতে চলেছেন। তিরন্দাজিতে অঙ্কিতা ভকত ঝাড়খণ্ডের এবং জুডোতে অস্মিতা দে ত্রিপুরার হয়ে লড়বেন। সব মিলিয়ে দেশের ক্রীড়ান মানচিত্রে বাংলার এই কঙ্কালসার উপস্থিতি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।