মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সংগ্রাম ফুটিয়ে তুলবে হিন্দু মহাসভা! পুজো উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল কাকে?

‘নন্দীগ্রাম থেকে নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা’—এই রাজনৈতিক থিমকে সামনে রেখে কলকাতার রুবি মোড়ের দুর্গাপূজা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। অখিল ভারত হিন্দু মহাসভার এই অভিনব উদ্যোগের প্রশংসা করে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।
সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তন ও সনাতনী ভাবনার ইতিহাসকে তুলে ধরতে এই বিশেষ থিম নির্বাচন করা হয়েছে। মণ্ডপের অভ্যন্তরে ডকুমেন্টারি ও প্রজেক্টরের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যের নানা দিক প্রদর্শন করা হবে। পাশাপাশি, কালীঘাটের ঐতিহাসিক হিন্দু মহাসভা ঘাটের মাটি দিয়েই তৈরি হচ্ছে দেবীর মূর্তি।
উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তাঁর পিতা-মাতার হাতেও নিমন্ত্রণপত্র তুলে দেওয়া হবে। সীমিত বাজেটের এই পুজোর জন্য বর্তমান রাজ্য সরকারের কাছে সরকারি অনুদানেরও আবেদন জানিয়েছে আয়োজক কমিটি।