দিশা সালিয়ান মৃত্যু মামলায় নাম জড়ানো নিয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চোলি! কী বললেন অভিনেতা?

সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় দায়ের করা এফআইআর-এ নাম আসার পর অবশেষে মুখ খুললেন অভিনেতা সুরজ পাঞ্চোলি। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, জীবনে কখনও দিশার সঙ্গে তাঁর দেখা হয়নি এবং এই ঘটনার সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই। একই সঙ্গে তিনি শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গেও সাক্ষাতের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামে নিজের দীর্ঘ বক্তব্য তুলে ধরে সুরজ জানান, এতদিন তিনি চুপ ছিলেন কারণ প্রতিটি খবরের জবাব দেওয়া প্রয়োজন তিনি মনে করেননি। তবে ভিত্তিহীনভাবে নাম জড়ানোয় এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “আমার লুকানোর কিছু নেই! সিবিআইয়ের মাধ্যমে সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের বিষয়টিকে আমি জোরালোভাবে সমর্থন করি।” পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় চলা অন্ধ প্রচার এবং শিরোনাম দেখে কাউকে বিচার না করার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন অভিনেতা। আইনের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেছেন যে, শেষ পর্যন্ত সত্যের জয় হবেই। ২০২০ সালের ৮ জুন মারা যাওয়া দিশা সালিয়ানের মামলাটি বর্তমানে নতুন মোড় নিয়েছে এবং বোম্বে হাইকোর্টের নির্দেশে সিবিআই এই ঘটনার তদন্ত শুরু করেছে।