ডাহা ফেল মার্কিন উপদেষ্টা, নাভারোর মন্তব্যের কড়া জবাব দিল ভারত

ভারতের বিরুদ্ধে মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে ‘মুনাফা লোভী ব্রাহ্মণ’ বলে আক্রমণ করেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
কেন প্রতিবাদ জানাচ্ছে ভারত?
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে পিটার নাভারো দাবি করেন, “আমি চাই ভারতীয়রা বুঝুক যে ঠিক কী চলছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় মুনাফা লুটছেন (ভারতের) ব্রাহ্মণরা।”
এর উত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “মিস্টার নাভারো যে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, সেটা আমরা দেখেছি। স্বভাবতই সেগুলি আমরা খারিজ করে দিচ্ছি।”
নাভারো কেন এমন মন্তব্য করলেন?
অনেকেই মনে করছেন, নাভারোর এই মন্তব্য ট্রাম্পের ‘শুল্ক-বোমা’-র পর এসেছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই নাভারো ভারতকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন। ট্রাম্পকে খুশি করার জন্যই তিনি এমন কথা বলছেন বলে অনেকে মনে করছেন।
এর আগে ট্রাম্পের হয়ে সওয়াল করতে গিয়ে নাভারো বলেছিলেন, “দেখুন, মোদী একজন দুর্দান্ত নেতা। কিন্তু আমি বুঝতে পারছি না কেন তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন এবং (চিনা প্রেসিডেন্ট) শি জিনপিংয়ের সঙ্গে একই বিছানায় যাচ্ছেন। তিনি তো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধান।”
নাভারো বা ট্রাম্পের এই ধরনের হুমকিতে ভারত পাত্তা দিচ্ছে না। ভারত স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের চাপ বা হুমকির কাছে তারা মাথানত করবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে। দেশের যা প্রয়োজন হবে, সেই অনুযায়ী ভারত তেল কিনবে।