ডায়াবেটিস রোগীদের জন্য ঐতিহাসিক স্বস্তি! সপ্তাহে মাত্র ১ বার ইঞ্জেকশন, মিলল মুক্তির দিশা

ডায়াবেটিস রোগীদের দৈনন্দিন জীবনে ইনসুলিন নেওয়ার যে ক্লান্তি এবং যন্ত্রণা, তা থেকে মিলল মুক্তি। বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘নোভো নর্ডিস্ক’ ভারতে লঞ্চ করল বিশ্বের প্রথম সাপ্তাহিক বেসাল ইনসুলিন ইঞ্জেকশন—‘অবিকলি’ (Awiqli)। টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য এটি এক যুগান্তকারী উদ্ভাবন।

এই থেরাপির ফলে ডায়াবেটিস রোগীদের বছরের ৩৬৫ দিনের বদলে মাত্র ৫২ বার ইনসুলিন নিলেই চলবে। নোভো নর্ডিস্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রীয় জানিয়েছেন, আধুনিক এই চিকিৎসা ব্যবস্থা ভারতসহ বিশ্বের মাত্র সাতটি দেশে বর্তমানে উপলব্ধ। এটি ৭০০ এবং ২,১০০ ইউনিটের দুটি পেনে পাওয়া যাবে, যার দাম ইউনিট প্রতি মাত্র ৩.৭৩ টাকা। চিকিৎসকদের মতে, এই সাপ্তাহিক ইনসুলিন কেবল রোগীদের জীবনযাত্রাকেই সহজ করবে না, বরং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও প্রথাগত ইনসুলিনের তুলনায় অত্যন্ত কার্যকর। দাম হাতের নাগালে থাকায় উদ্ভাবনী এই চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাবে সহজেই। ডায়াবেটিস চিকিৎসায় এটি নিঃসন্দেহে এক নতুন দিগন্তের উন্মোচন।