ডাইরেক্টর অফ সেন্ট্রাল আইবি’র অফিসার! ভুয়ো আধার-ভোটার কার্ডসহ ট্রান্সপোর্ট বাজার থেকে বিধাননগরের যুবক গ্রেফতার

নিজেকে ‘ডাইরেক্টর অফ সেন্ট্রাল আইবি’-এর আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার ছক কষার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস, যিনি কলকাতার বিধাননগর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ট্রান্সপোর্ট বাজার এলাকা থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাস কয়েকদিন আগে ট্রেনে চেপে কলকাতা থেকে আলিপুরদুয়ার শহরে আসেন। সেখানে একটি স্বনামধন্য হোটেলে তিনি নিজেকে দীপব্রত চক্রবর্তী এবং সাউথ সল্টলেক সেক্টর ১-এর বাসিন্দা বলে পরিচয় দেন। পরিচয়পত্র হিসেবে তিনি ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড জমা করেন এবং নিজেকে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আইপিএস অফিসার হিসেবে জাহির করতে থাকেন।

এরপর গত কয়েক দিন ধরে অভিযুক্ত বিশ্বজিৎ এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং নিজের প্রভাব দেখানোর চেষ্টা করেন। যদিও প্রথমে কেউ তাঁর আসল পরিচয় সম্বন্ধে আঁচ করতে পারেননি, তবে তাঁর কথাবার্তায় কিছু অসংগতি লক্ষ্য করেন কয়েকজন ব্যবসায়ী। লোকমুখে সেই খবর দ্রুত আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিমের কাছে পৌঁছয়। এরপরেই পুলিশ ওই ভুয়ো আইপিএস অফিসারের ওপর নজরদারি শুরু করে।

বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায় যে, অভিযুক্ত যুবক আলিপুরদুয়ার কোর্ট ট্রান্সপোর্ট বাজার এলাকায় কোনও এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিমের পুলিশকর্মীরা সেখানে ফাঁদ পাতেন। বিশ্বজিৎ বিশ্বাস সেখানে পৌঁছতেই তাঁকে আটক করা হয়। তল্লাশি চালালে তাঁর কাছ থেকে একাধিক ভুয়ো আধার কার্ড ও এপিক কার্ড (ভোটার কার্ড) উদ্ধার হয়। এমনকি তাঁর মোবাইল ফোনেও ভুয়ো আইপিএস আধিকারিকের পরিচয়পত্রের ছবি পাওয়া যায়। এরপরেই বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।