ওটিটি দুনিয়ার অন্যতম আলোচিত সিরিজ ‘দ্য রয়্যালস’। প্রথম সিজন মুক্তির পর থেকেই রাজকীয় আবহের পাশাপাশি বিতর্কেও নাম জড়িয়েছিল এই সিরিজের। তবে এবার এল আরও বড় খবর। শোনা যাচ্ছে, সিরিজের দ্বিতীয় সিজনে সম্ভবত দেখা যাবে না বলি-অভিনেত্রী ভূমি পেডনেকরকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে তীব্র গুঞ্জন।
সূত্রের খবর, প্রথম সিজনে ভূমির অভিনয় এবং লুক নিয়ে সামাজিক মাধ্যমে একাংশের নেটিজেনরা তীব্র সমালোচনা ও ট্রোলিং করেছিলেন। বিশেষ করে তাঁর চরিত্রায়নের ধরণ নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। তবে কি সেই লাগাতার ট্রোলিংয়ের জেরেই সিজন ২ থেকে সরে দাঁড়ালেন ভূমি? নাকি নির্মাতারাই নতুন কোনো পরিকল্পনা করছেন? এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
যদিও প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভূমির ঘনিষ্ঠ মহলের দাবি, ট্রোলিং নয় বরং ডেট সংক্রান্ত সমস্যার কারণেই তিনি এই প্রজেক্ট থেকে আপাতত দূরে থাকছেন। কিন্তু নেটপাড়ার গুঞ্জন থামার লক্ষণ নেই। অনেকের মতেই, সমালোচনার চাপেই সম্ভবত এই বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
এখন প্রশ্ন উঠছে, ভূমির পরিবর্তে দ্বিতীয় সিজনে রাজকীয় এই চরিত্রে কাকে দেখা যাবে? কোনো নতুন মুখ নাকি বলিউডের অন্য কোনো চেনা তারকাকে দেখা যাবে ভূমির জুতোয় পা গলাতে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া।
আরও খবর পেতে আমাদের ফলো করুন।





