ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত এবার এক বিধ্বংসী মোড় নিল। রাজধানী তেহরানের সঙ্গে কারাজ শহরকে সংযোগকারী ১৩৬ মিটার উঁচু বিশাল ‘বি-১’ সেতুটি আকাশপথের যৌথ হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের সংবাদমাধ্যমের দাবি, প্রথম দফার হামলার পর উদ্ধারকারী দল পৌঁছালে ফের দ্বিতীয়বার হামলা চালানো হয়, যাতে বেশ কিছু সাধারণ মানুষ আহত হয়েছেন। পশ্চিম এশিয়ার অন্যতম আধুনিক এই স্থাপত্যটি এখন শুধুই ধ্বংসস্তূপ।
এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ধ্বংসলীলার ছবি পোস্ট করে ইরানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “ইরানের সবথেকে বড় সেতুটি ধুলোয় মিশে গেল, যা আর কোনওদিন ব্যবহার করা যাবে না।” ট্রাম্পের হুঁশিয়ারি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইরান যেন আমেরিকার সঙ্গে সমঝোতায় আসে। তিনি আরও দাবি করেছেন যে, আগামী দুই-তিন সপ্তাহ এই হামলা জারি থাকবে এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোও তাঁদের লক্ষ্যবস্তু হতে পারে।





