বেঙ্গালুরুর (Bengaluru) এক কলেজ ক্যাম্পাসে হঠাৎ একটি গাড়ি চলতে শুরু করল। কিন্তু অবাক কাণ্ড! ড্রাইভিং সিটে কেউ নেই! না কোনও মানুষ, না কোনও রোবট। গাড়িটা যেন নিজের ইচ্ছেতেই রাস্তা চিনে এগিয়ে চলেছে। এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখ কপালে! ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
গাড়ির ভেতরে বসে ছিলেন উত্তরাদি মঠের শ্রদ্ধেয় শ্রী সত্যত্মতীর্থ স্বামীজি এবং আরও কয়েকজন। এর থেকেই বোঝা গেল, এটি কোনও সায়েন্স ফিকশনের দৃশ্য নয়, বরং একটা সত্যিকারের পরীক্ষা! পরে জানা গেল, স্বামীজি আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং পরিদর্শনে এসেছিলেন এবং সেখানেই তৈরি এই চালকবিহীন গাড়িতে চড়ে দেখেছিলেন।
দেশি উদ্যোগে টেসলাকে টক্কর:
আসলে, এটি হল Wipro, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), এবং আরভি কলেজের একটি গোপন কিন্তু দারুণ প্রজেক্ট। তারা একসঙ্গে মিলে ‘WIRIN’ নামের একটি উদ্যোগ শুরু করেছে। এর মূল লক্ষ্য হল, কম্পিউটার, রোবট আর মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দারুণ সব প্রযুক্তি তৈরি করা। আর এই চালকবিহীন গাড়িটি তারই একটা অংশ। বিদেশে টেসলার মতো গাড়ি চললেও এদেশে এখনও পর্যন্ত কোনও চালকবিহীন গাড়ি রাস্তায় নামেনি। সেখানে চমক দেখাল এই দেশি প্রোজেক্ট।
কেন এখনই রাস্তায় নামছে না গাড়িটি?
তবে এই ম্যাজিক গাড়িটা এখনই রাস্তায় নামছে না। কারণ, আমাদের দেশের রাস্তা ভিন দেশের মতো মসৃণ নয়। তাই বিজ্ঞানীরা এখন আমাদের দেশের রাস্তার অবস্থা, গর্ত, ভিড়—সব কিছুর ছবি তুলে ম্যাপ তৈরি করছেন। যাতে গাড়িটা যখন পুরোপুরি তৈরি হবে, তখন যেন নিজেই সব বিপদ এড়িয়ে নিরাপদে চলতে পারে।
হায়দ্রাবাদের আইআইটি-ও এমন গাড়ি তৈরি করেছে যা চাষের জমি বা খনিতে ব্যবহার করা যাবে। কিন্তু বেঙ্গালুরুর এই উদ্যোগ সফল হলে, ভবিষ্যতে আপনার বাড়ির সামনেও হয়তো চালকবিহীন ক্যাব এসে থামবে!





