টানা ৪ দিন বৃষ্টির তাণ্ডব! বাংলার আকাশ দখল করল ঘূর্ণাবর্ত, এখনই জেনে নিন আপনার জেলার পূর্বাভাস

রাজ্যে রাজনৈতিক উত্তাপের মাঝেই এবার প্রকৃতির মেজাজ বদলে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত এবং বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোতে ঝড়ের দাপট সবথেকে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত। আগামী কয়েক দিন তাপমাত্রার বড় কোনো হেরফের না হলেও, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে আবহাওয়া শুষ্ক হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট চলবে শনিবার পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতার পরিস্থিতি:
কলকাতায় আজ সকালে আবহাওয়া মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.৬ ডিগ্রি নিচে অর্থাৎ ৩০.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে রোদের তেজ বাড়বে।