টানা ৪৪ বার জ্যাকপট ফস্কালেও শেষ রক্ষা! এক ধাক্কায় ১৩ হাজার কোটি টাকার মালিক হলেন এই লাকি ব্যক্তি

ভাগ্য কখন কার জীবনে কীভাবে মোড় নেবে, তা আগে থেকে বলা অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েসের এক লাকি লটারি খেলোয়াড়ের সঙ্গে ঠিক তেমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে। টানা ৪৪টি ড্রয়ে কেউ জ্যাকপট জিততে না পারার পর, অবশেষে একটিমাত্র টিকিটে মিলে গেছে বিখ্যাত ‘পাওয়ারবল’-এর ছটি বিজয়ী নম্বর। আর সেই একটি টিকিটের জাদুটোনেই রাতারাতি বদলে গেছে তাঁর ভাগ্য। প্রায় ১.৪০ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৩ হাজার ৩৫৭ কোটি টাকার বিশাল অঙ্কের জ্যাকপট জিতে নিয়েছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি।
আমেরিকার প্রথম সারির সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতের পাওয়ারবল ড্রয়ে বিজয়ী নম্বরগুলি ছিল ৪, ২৬, ৬৬, ৬৭, ৬৯ এবং লাল পাওয়ারবল নম্বর ৯। ইলিনয়েসে বিক্রি হওয়া একটি মাত্র টিকিটে এই ছটি নম্বরই নিখুঁতভাবে মিলে যায়। এর ফলে নিজের পরিচয় গোপন রাখা ওই বিজয়ী ব্যক্তি এক লাফে বিশ্বের অন্যতম বৃহত্তম লটারি জয়ীদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন।
এত বড় অঙ্কের জ্যাকপট জেতার পর বিজয়ী ব্যক্তির সামনে অর্থ গ্রহণের ক্ষেত্রে দুটি বিশেষ পথ খোলা রয়েছে। তিনি চাইলে প্রায় ২৯ বছর ধরে বার্ষিক কিস্তির মাধ্যমে পুরো ১৩ হাজার কোটি টাকারও বেশি অর্থ তুলে নিতে পারেন। অথবা চাইলে সমস্ত ঝামেলা এড়িয়ে এককালীন ক্যাশ পেমেন্টের পথও বেছে নিতে পারেন। তবে রাতারাতি এক সাধারণ টিকিটে এমন আকাশছোঁয়া ধনলাভের খবর এখন আন্তর্জাতিক মহলে রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।