টানা ১৮ ODI টস হার! অধিনায়ক পন্তের শুরুতেই রেকর্ড ‘দুর্ভাগ্য’, ফের টসে হারল ভারত

ক্যাপ্টেন পরিবর্তন করেও ভাগ্য বদলাল না টিম ইন্ডিয়ার। রোহিত শর্মা বা শুভমান গিলের পর এবার স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ঋষভ পন্তও ব্যর্থ হলেন টস জেতার ‘চক্র’ ভাঙতে। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস হারলেন পন্ত। টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আর এর জেরেই আন্তর্জাতিক ক্রিকেটে এক ‘লজ্জার রেকর্ড’ গড়ে ফেলল ভারতীয় দল।
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে, ভারত ক্রিকেট তিনটি ফর্ম্যাট মিলিয়ে মোট ২৯টি ম্যাচ খেলেছে। এই সময়ের মধ্যে, ভারতীয় দল মাত্র ছয়টি ম্যাচে টস জিতেছে এবং ২৩টিতেই হেরেছে। অধিনায়ক বদল বা ফর্ম্যাট পরিবর্তন হলেও দলের টস-ভাগ্য কোনোভাবেই বদলায়নি।
রোহিত শর্মা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা পাঁচটি ম্যাচে টস জিততে পারেননি।
শুভমান গিল: ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট ম্যাচেই টস হেরেছেন।
সূর্যকুমার যাদব: এশিয়া কাপে ৭টি ম্যাচের মধ্যে ৩টিতে হার।
আরও বড় লজ্জার রেকর্ড: টানা ১৮ ODI টস হার
ভারতীয় দলের টস হারার এই ধারাবাহিকতা সবচেয়ে বেশি চোখে পড়েছে একদিনের আন্তর্জাতিক (ODI) ক্রিকেটে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার টস জিতেছিল ভারত (১৫ নভেম্বর, ২০২৩)। এরপর বিশ্বকাপ ফাইনাল (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) থেকেই শুরু হয় এই ‘অবাঞ্ছিত ধারা’।
বর্তমানে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত টানা ১৮টি টস হেরেছে! পরিসংখ্যান বলছে, টানা ১৮ বার টস হারার সম্ভাবনা গাণিতিকভাবে এক শতাংশেরও কম। সেই বিরল দুর্ভাগ্যকেই সঙ্গী করেছে টিম ইন্ডিয়া।
পন্তের প্রতিক্রিয়া: ‘আমার জন্য গর্বের মুহূর্ত’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস হেরে অধিনায়কত্বের শুরুটা ভালো না হলেও, ঋষভ পন্ত এই সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করেছেন।
টসে পন্ত বলেন, “এটা আমার জন্য গর্বের মুহূর্ত। একজন ক্রিকেটার হিসেবে, আপনি সবসময় আপনার দেশের অধিনায়কত্ব করার স্বপ্ন দেখেন। আমি বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য… আমাকে দুই হাতে এটি গ্রহণ করতে হবে এবং দলের জন্য আমার সেরাটা দিতে হবে।”
পিচ নিয়ে তিনি বলেন, “পিচ ব্যাটিংয়ের জন্য ভালো দেখাচ্ছে, কিন্তু প্রথমে বোলিং করাও খারাপ বিকল্প নয়।”
শুভমান গিলের অসুস্থতার কারণে এই ম্যাচে তাঁর জায়গায় নীতীশ রেড্ডি দলে এসেছেন, এবং অক্ষরের পরিবর্তে সাই সুদর্শনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি জানান।