ঝোপের মধ্যে পরে সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর! কে বা কারা ফেলে গিয়েছে দেহটি? তদন্তে পুলিশ

সকালে এক মর্মান্তিক দৃশ্য দেখল আসানসোলের কালিপাহাড়ি এলাকার বাসিন্দারা। ঝোপঝাড়ের মধ্যে থেকে এক সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুকুরে দেহটি খুবলে খাচ্ছিল। এই অমানবিক ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ।
আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালিপাহাড়ি এলাকায় স্থানীয়রা জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পান। গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান, একটি সদ্যোজাত শিশুর দেহ পড়ে আছে এবং কয়েকটি কুকুর সেই দেহটি নিয়ে টানাটানি করছে। ভয়াবহ এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আসানসোল দক্ষিণ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কে বা কারা এই অমানবিক কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আশেপাশের এলাকায় জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং মনে করছেন, বাইরের কোনো ব্যক্তি এই জঘন্য কাজটি করেছে। এই ঘটনাটি এলাকার শান্ত পরিবেশকে কলঙ্কিত করেছে বলে তারা মনে করেন।