দিল্লিতে সাইকেল চালাচ্ছেন? প্রতি তিনজনে একজন হচ্ছেন আহত, ৯৭ শতাংশ ঘটনাই থাকে পুলিশের অধরা!

রাজধানীর ব্যস্ত রাজপথে প্রতিদিন সাইকেল নিয়ে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। কিন্তু তাঁদের নিরাপত্তা নিয়ে এক অত্যন্ত উদ্বেগজনক ও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে আইআইটি দিল্লির একটি নতুন সমীক্ষা। গবেষণায় দেখা গেছে, দিল্লিতে সাইকেল দুর্ঘটনার প্রায় ৯৭.২ শতাংশ ঘটনাই পুলিশের নথিতে স্থান পায় না। অর্থাৎ, সরকারি পরিসংখ্যানের বাইরে থেকে যাচ্ছে প্রায় সব দুর্ঘটনা, যার ফলে শহরের রাস্তাগুলো সাইকেল চালকদের জন্য কতটা মারণাত্মক হয়ে উঠেছে, তার সঠিক চিত্র আড়ালেই থেকে যাচ্ছে।

দিল্লির ২৭টি ভিন্ন স্থানে ৮৪৪ জন সাইকেল আরোহীর ওপর দীর্ঘ সময় ধরে চালানো এই সমীক্ষায় চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। গবেষকরা জানিয়েছেন, আরোহীদের সাথে ঘটা দুর্ঘটনার প্রায় ৫০ শতাংশের জন্যই দায়ী বেপরোয়া মোটরসাইকেল। এরপরেই রয়েছে গাড়ি এবং ই-রিকশা। ইউরোপ বা আমেরিকার মতো উন্নত দেশগুলোতে যেখানে চালকের নিজের ভারসাম্য হারিয়ে পড়ার কারণে বেশি দুর্ঘটনা ঘটে, সেখানে ভারতের রাজধানীতে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে আশেপাশের দ্রুতগতির মোটরযান।

সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০ লক্ষ কিলোমিটার সাইকেল চালানোর ক্ষেত্রে প্রায় ২৮.৬টি আহত হওয়ার মতো ঘটনা ঘটছে, যা ডেনমার্ক বা নেদারল্যান্ডসের তুলনায় ৬০ থেকে ২০০ গুণ বেশি। পর্যাপ্ত সাইকেল ট্র্যাক বা নিরাপদ পরিকাঠামোর অভাবেই রাজধানীর রাস্তায় প্রতিনিয়ত বড় বিপদের মুখে পড়ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ডেলিভারি বয়রা। চিকিৎসকদের মতে, সঠিক নীতি নির্ধারণ এবং পরিকাঠামো উন্নত না হলে এই দুর্ঘটনা রোধ করা অসম্ভব।