“জেল থেকে সরকার চালানো যাবে না,” বিহারে গিয়ে বিরোধীদের নিশানা মোদীর

ভোটের আগে বিহারে জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সরাসরি বিরোধীদের বিরুদ্ধে নতুন আইন নিয়ে তোপ দাগলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “জেল থেকে সরকার চালানো চলবে না।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য যে বিরোধী দলগুলোকে লক্ষ্য করেই করা হয়েছে, তা সহজেই বোঝা যাচ্ছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “যদি কোনো ছোট সরকারি কর্মচারীকেও ৫০ ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয়, তাহলে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়। কিন্তু একজন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী জেলে বসে সরকার চালাতে পারেন। এটা কীভাবে সম্ভব?”
তিনি আরও বলেন, “আমরা অতীতে দেখেছি কীভাবে জেল থেকে সরকার চালানো হয়েছে এবং ফাইলপত্রে সই করা হয়েছে। যদি নেতারা এমন হন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব।”
মোদী জানান, এই কারণেই তাঁর সরকার এমন একটি নতুন আইন আনতে চলেছে, যেখানে দেশের প্রধানমন্ত্রীও এর আওতায় থাকবেন।
উল্লেখ্য, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন। এই বিলে বলা হয়েছে, যদি কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেল হেফাজতে থাকেন, তাহলে ৩১ দিনের মাথায় তাঁকে তাঁর পদ থেকে সরে যেতে হবে।
এই বিল পেশ করার পর বিরোধী দলগুলো এর তীব্র বিরোধিতা করে। এর ফলে বিলটি পাশ না হয়ে সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়।