‘জল জেনেই নামলে আত্মহত্যা!’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যুতে চরম বিতর্ক তারক সিংহর মন্তব্যে, পাল্টা ধুয়ে দিলেন বিকাশরঞ্জন

সোমবার রাতে মাত্র ৪-৫ ঘণ্টার টানা বৃষ্টিতে শহর কলকাতায় তৈরি হওয়া ভয়াবহ জল-যন্ত্রণা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুতে চরম রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই ব্যাপক প্রাণহানির দায় কার— সেই প্রশ্ন যখন উঠছে, তখন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহর একটি মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে।
তারক সিংহর বিতর্কিত মন্তব্য: ‘আত্মহত্যা করার জন্য নামছি’
এদিন তারক সিংহ এই মৃত্যুর দায় অনেকটাই জনগণের উপর চাপিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশন দেখলেও, প্রতিটি লাইটপোস্টে লোক দিয়ে পাহারা দেওয়া সম্ভব নয়। এর পাশাপাশি তিনি জনগণের সচেতনতার অভাবকেই দায়ী করেন।
তিনি বলেন, “আমরা যখন সবাই জানি যে শর্ট-সার্কিট হতে পারে, আর হলে মৃত্যু হবে…তারপরেও যদি আমি নামছি, তাহলে তো আমি নিজেই আত্মহত্যা করার জন্য নামছি।” তিনি সাফ জানিয়ে দেন, এই ঘটনায় সরকারের কোনো দায় নেই। তাঁর দাবি, সিইএসসি (CESC)-র পোলগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কর্পোরেশনের নয়, আর লাইনের সরবরাহ যেহেতু সিইএসসি করে, তাই তারাও প্রযুক্তিগতভাবে সঠিক।
তারক সিংহকে ধুয়ে দিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য
তারক সিংহর এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি সরাসরি জনগণের উদ্দেশ্যে এই ‘অযোগ্য’ নেতাদের ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিকাশরঞ্জন বলেন, “ওঁর নাম তারক সিংহ বললেন তো, উনি বাবা তারকনাথের সেবায় জীবন দিয়েছেন হয়ত। সেইজন্য বাস্তব জগতে ওঁদের যে কী করণীয় সেই বোধটায় ওঁদের নেই। সবথেকে বড়, জনগণের তো সাবধান হওয়া উচিত, এইসমস্ত লোকদের তাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেন। যাঁরা তাঁদের প্রাথমিক দায়িত্ব পালন না করতে পেরে জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দেন।” তিনি জনগণকে বিচার করতে বলেন, এই সমস্ত ‘অযোগ্য-অপদার্থ’ মানুষদের আর ক্ষমতায় আনবেন কি না।
সিইএসসি-কে মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারি
এই মৃত্যুর মিছিলের পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসনও। এই পরিস্থিতিতে সিইএসসি এবং বিদ্যুৎ দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন। তিনি সিইএসসি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খুবই মর্মান্তিক… এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু সিইএসসি সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায়।” তিনি সিইএসসি-কে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ও চাকরিও দিতে হবে বলে নির্দেশ দেন। একইসঙ্গে তিনি শহরবাসীকে অনুরোধ করেন, জল থাকাকালীন কেউ যেন রাস্তায় না বের হন।