নির্বাচনী মরশুমে বাংলায় চৈত্র সেলের আবহে এক অদ্ভুত ‘অফার’ নিয়ে হাজির হলেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রকাশকুমার হাজরা। তবে এই অফার কোনো পণ্যের ওপর নয়, বরং সরাসরি চিকিৎসার ফি-র ওপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টারে দেখা যাচ্ছে, ওই চিকিৎসক দাবি করেছেন— ক্লিনিকে এসে ‘জয় শ্রীরাম’ বললেই রোগীরা ফি-তে ৫০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।
পোস্টারটিতে ওই চিকিৎসককে বিজেপির উত্তরীয় ও টুপি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। এই ঘটনা সামনে আসতেই চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর রাজ্য শাখা এই আচরণকে চিকিৎসকদের পেশাগত নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে অভিহিত করেছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল-এর তরফে জানানো হয়েছে, ধর্ম বা রাজনীতির ভিত্তিতে রোগীদের মধ্যে বৈষম্য করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিতর্কের মুখে পড়েও অবশ্য নিজের অবস্থানে অনড় প্রকাশকুমার হাজরা। তাঁর সাফ যুক্তি, “এটি ধর্মীয় নয়, রাজনৈতিক স্লোগান। আমি বিজেপির সদস্য এবং পরিবর্তন চাই, তাই এই সিদ্ধান্ত।” ইতিমধ্যেই IMA তাঁর কাছে তিন দিনের মধ্যে জবাব তলব করেছে এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলকেও বিষয়টি জানানো হয়েছে। ভোটের বাজারে চিকিৎসকের এই ‘রাজনৈতিক ডিসকাউন্ট’ এখন টক অফ দ্য টাউন।





