‘জমিদারি আর চলবে না!’ পুলিশি অভিযানে ধুন্ধুমার কাণ্ডের পর অভিষেককে সরাসরি কোন কঠিন বার্তা দিলেন বিজেপি নেতা?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে বৃহস্পতিবার পুলিশি অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা চত্বর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে খোদ পুলিশ আধিকারিকদেরই নিগৃহীত হতে হয়। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে হুশিয়ারি দিলেন বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ সরাসরি তোপ দেগে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এখনও বুঝতে পারছেন না যে রাজনৈতিক পরিবেশ পাল্টেছে, সরকার পাল্টেছে এবং প্রশাসনও অনেক বদলে গেছে। এখানে কোনও পারিবারিক রাজত্ব বা কারও একক মনমর্জি চলতে পারে না। আইন সবার জন্য সমান এবং পুলিশ এখন তা হাতেকলমে করে দেখাচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রয়োজনে আইন তার নিজস্ব পথেই সবকিছু করবে।’

অন্যদিকে, পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বলে অভিষেক শিবিরের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তার কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি হুশিয়ারির সুরে বলেন, ‘এতে বিজেপি কোথা থেকে এল! প্রশাসন তার নিজস্ব নিয়মে কাজ করছে। পুলিশ কি বিজেপির হয়ে কাজ করছে নাকি? ওঁরা একসময় পুলিশ প্রশাসনকে নিজেদের দলীয় ক্যাডারে পরিণত করেছিলেন, কিন্তু আমরা সেটা করব না। পুলিশকে তাদের মতো করে কাজ করার পূর্ণ স্বাধীনতা (ফ্রি হ্যান্ড) দেওয়া হয়েছে এবং আইন মেনে সবাই কাজ করছেন। আপনারাও আইন মেনে চলুন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনারা নিজেদের জমিদারি ভাবছেন! সে কথা তো আর বাংলায় চলতে পারে না।’

শুক্রবার যাদবপুরে রাখি বন্ধন উৎসব এবং একসঙ্গে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ গাওয়ার কর্মসূচি প্রসঙ্গেও কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘রাখি আমাদের প্রাচীন ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের সবচেয়ে বড় সূত্র। পশ্চিমবঙ্গে এই রাখিকে ভাই-বোনের গণ্ডি থেকে বের করে সমাজ সংস্কারের হাতিয়ার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম গান গেয়ে এবং সামাজিক উৎসবের মাধ্যমে সেই সময় বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল। বর্তমানে যাদবপুরের কিছু মানুষ বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে কাজ করছেন এবং সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা করছেন। সেই কারণেই সেখানে রাষ্ট্রবাদের বিশেষ প্রচার প্রয়োজন। সমাজকে একত্রিত করার ক্ষেত্রে রাখি এবং বন্দে মাতরমের চেয়ে শক্তিশালী মাধ্যম আর কিছু হতে পারে না।’