ছুটি কাটিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি! যশোর রোডে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো পুলিশ আধিকারিকের

বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক পুলিশ আধিকারিকের। রবিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর এলাকার যশোর রোডে। মৃত পুলিশ আধিকারিকের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। তাঁর পৈত্রিক বাড়ি চাঁদপাড়ায় হলেও কর্মক্ষেত্র বনগাঁয় থাকায় তিনি পরিবার নিয়ে সেখানেই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ডিউটি সেরে বিশ্বজিৎ চক্রবর্তী চাঁদপাড়ার পৈত্রিক বাড়িতে গিয়েছিলেন। রবিবার ভোরবেলা তিনি স্কুটি চালিয়ে বনগাঁর বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। যশোর রোডের উপর দিয়ে যাওয়ার সময় কালুপুর এলাকার কাছে দ্রুতগতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক তাঁর স্কুটিকে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার তীব্রতায় স্কুটির সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে যায় এবং ওই পুলিশ আধিকারিক রাস্তায় ছিটকে পড়েন।

হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ: দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন বনগাঁ থানার পুলিশ কর্মী ও অন্যান্য আধিকারিকরা। গুরুতর আহত বিশ্বজিৎ চক্রবর্তীকে উদ্ধার করে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্র বনগাঁ পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটি হাসপাতালে পৌঁছায় এবং পরিবারের সদস্যদের কাছে দুঃসংবাদটি পাঠায়। বিশ্বজিৎ চক্রবর্তীর মৃত্যুতে তাঁর পরিবারে কান্নার রোল ওঠে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে। বিশ্বজিৎ চক্রবর্তী কাজে অত্যন্ত দক্ষ ছিলেন এবং তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পুলিশ মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।