ছুটির দিনেও বসের কল? শ্রম আইনের এই নিয়ম না জানলে পস্তাবেন!

সপ্তাহান্ত বা ছুটির দিন মানেই বিশ্রাম এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। কিন্তু কর্পোরেট সংস্কৃতিতে অনেক সময়ই দেখা যায়, ছুটির দিনেও বসের ইমেল বা ফোন কল কর্মীদের পিছু ছাড়ে না। অনেক বেসরকারি সংস্থায় এটি একপ্রকার অলিখিত অভ্যাসে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, ছুটির দিনে কাজ করানো কি আদেও আইনসম্মত?

আইন কী বলছে?
ভারতের শ্রম আইন অনুযায়ী, সাপ্তাহিক ছুটি কোনো দয়া বা সুযোগ নয়, বরং এটি কর্মীর আইনি অধিকার। বিআইটিএস ল স্কুলের অধ্যাপক পরমজিৎ সিংয়ের মতে, ছয় দিন কাজ করার পর এক দিন বাধ্যতামূলক ছুটি দিতেই হবে। যদি বিশেষ প্রয়োজনে কোনো কর্মীকে ছুটির দিনে কাজ করানো হয়, তবে তার বিনিময়ে তাকে ‘কমপেনসেটরি লিভ’ (বিকল্প ছুটি) অথবা অতিরিক্ত বেতন প্রদান করতে হবে।

কর্মীদের সুরক্ষায় প্রধান আইনসমূহ:

সাপ্তাহিক ছুটি আইন, ১৯৪২: প্রত্যেক কর্মচারীর সপ্তাহে অন্তত একদিন ছুটি পাওয়া বাধ্যতামূলক।

কারখানা আইন, ১৯৪৮: এই আইন অনুযায়ী, ছুটির দিনে কাজ করালে কর্মীকে দ্বিগুণ মজুরি দিতে হবে।

জাতীয় ও উৎসবের ছুটি আইন: জাতীয় উৎসবে কাজের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা বা ছুটি বাধ্যতামূলক।

বস কি হুট করে ছুটি বাতিল করতে পারেন?
এনএম ল চেম্বারস-এর প্রতিষ্ঠাতা মালাক ভাট জানিয়েছেন, যথাযথ নোটিশ ছাড়া অনুমোদিত ছুটি বাতিল করা আইনি লঙ্ঘন হতে পারে। আইন অনুযায়ী, ছুটিতে কোনো পরিবর্তনের জন্য সাধারণত দুই সপ্তাহের অগ্রিম নোটিশ প্রয়োজন। এছাড়া কর্মীর সম্মতি ছাড়া তাকে কাজ করতে বাধ্য করা যায় না, যদি না তা চাকরির চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকে।

নিজের অধিকার রক্ষার উপায়:
বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনাকে ছুটির দিনে কাজ করতে বাধ্য করা হয়, তবে তার ইমেল বা মেসেজের রেকর্ড রাখুন। শ্রম আদালতে এটি প্রমাণ হিসেবে কাজ করতে পারে। চাকরি হারানোর ভয়ে চুপ না থেকে, লিখিতভাবে নিজের আপত্তির কথা জানানো এবং ওভারটাইম দাবি করা আপনার আইনি অধিকার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy