ছাত্র বিক্ষোভে পুলিশি দমনপীড়ন নিয়ে মোদী সরকারকে তুলোধোনা প্রিয়াঙ্কার!

ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি নির্যাতন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বুধবার কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি সাফ জানান যে, বিরোধীদের দাবি না মানাই প্রমাণ করে এই সরকার জনগণের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধতাহীন। সংসদে দাঁড়িয়ে সরকারকে জবাবদিহি করতে হবে বলে তিনি জোরালো দাবি জানান। দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপের কঠোর সমালোচনা করে প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, যুবকদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পেলেট গান এমনকি বিহারে একে-৪৭ ব্যবহারের মতো ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বিবৃতি কেন দেওয়া হবে না? সংসদীয় গণতন্ত্রে সরকারের এই নীরবতা ও জবাবদিহি এড়ানোর প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য দেশ-বিদেশের মানুষের দেওয়া পবিত্র অনুদান তছরুপের বিষয়টি তুলে ধরেও কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করান কংগ্রেস নেত্রী। মন্দির সংক্রান্ত বিষয়টিকে শুধু রাজ্য সরকারের বিষয় বলে দায় এড়ানোর চেষ্টার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময় এটি জাতীয় বা বড় ইস্যু হলেও এখন তা এড়িয়ে যাওয়া হচ্ছে। দেশবাসীর আস্থার সঙ্গে যুক্ত এই বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান স্পষ্ট করার দাবিতে বিরোধী শিবির সংসদ চত্বরে লাগাতার সরব রয়েছে।