চীনকে টেক্কা দিতে আমেরিকার মাস্টারস্ট্রোক! মালয়েশিয়ার মাটির নিচে মিলল ‘গুপ্তধন’

বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে উন্নত যুদ্ধাস্ত্র তৈরির প্রধান কাঁচামাল ‘রেয়ার আর্থ’ বা দুর্লভ মৃত্তিকা উপাদানের বাজারে এতদিন একাধিপত্য ছিল চীনের। কিন্তু এবার সেই সমীকরণ বদলে দিতে কোমর বেঁধে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক ও প্রযুক্তিগত শক্তি মজবুত করতে এশিয়ায় এক নতুন শক্তিশালী মিত্র খুঁজে পেয়েছে ওয়াশিংটন— মালয়েশিয়া।

ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইরান যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে আমেরিকার বিপুল পরিমাণ দুর্লভ খনিজ পদার্থের প্রয়োজন হয়ে পড়েছে। এতদিন এই চাহিদার সিংহভাগ পূরণ করত চীন। কিন্তু বেজিংয়ের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মাঝে এবার বিকল্প পথ খুঁজছে পেন্টাগন। মালয়েশিয়ার কুয়ান্তানের কাছে বিপুল পরিমাণ বিরল খনিজ ভাণ্ডারের হদিস মেলায় সেই লক্ষ্য পূরণ এখন সময়ের অপেক্ষা মাত্র।

কীভাবে বদলে গেল খেলার মোড়?
মালয়েশিয়ার ৯টি রাজ্যে প্রায় ২,৭০,০০০ টন অ-তেজস্ক্রিয় বিরল মৃত্তিকা সম্পদের সন্ধান পেয়েছে সে দেশের সরকার। কোনো কোনো মহলের ধারণা, এই মজুত ভাণ্ডারের পরিমাণ ১.৫ থেকে ২ মিলিয়ন টন পর্যন্ত হতে পারে। এই বিপুল খনিজ উত্তোলনের জন্য মালয়েশিয়া ইতিমধ্যেই একটি অস্ট্রেলিয়ান কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এই কোম্পানিটি কেবল খনিজ উত্তোলনই করবে না, বরং দেশের আর কোথায় কোথায় এই ধরনের অমূল্য সম্পদ লুকিয়ে আছে, তাও খুঁজে বের করবে।

পেন্টাগনের ১ বিলিয়ন ডলারের বাজি:
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যেই মালয়েশিয়ার সঙ্গে প্রায় ১ বিলিয়ন ডলারের একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। এই বিপুল অর্থ মূলত খনিজ উত্তোলন এবং প্রক্রিয়াকরণ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। উল্লেখ্য, মিসাইল, রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্সের মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরির জন্য এই উপাদানগুলো অপরিহার্য। বর্তমানে বিশ্বের ৯০ শতাংশ রেয়ার আর্থ সরবরাহ করে চীন। মালয়েশিয়াকে সামনে রেখে চীনের এই একচেটিয়া বাজার এবং কৌশলগত আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার এই পদক্ষেপ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy