ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের বাইক! ফ্লিপকার্টের মাধ্যমে অনলাইনে রয়্যাল এনফিল্ডের 350 সিসি বাইক কেনার সুযোগ

যারা পছন্দের রয়্যাল এনফিল্ড বাইক কেনার কথা ভাবছেন, তাদের জন্য সুখবর! এবার থেকে পছন্দের বাইক কেনার জন্য শো-রুমে যাওয়ার প্রয়োজন নেই। রেট্রো-মডার্ন বাইক প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড তাদের 350 সিসি রেঞ্জের বাইক বিক্রি আরও সহজ করতে ভারতের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট-এর সঙ্গে হাত মিলিয়েছে।

আজ, ২২ সেপ্টেম্বর থেকেই ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে রয়্যাল এনফিল্ডের 350 সিসি মডেলগুলি, যার মধ্যে রয়েছে ক্লাসিক 350, মিটিওর 350, বুলেট 350, হান্টার 350-এর মতো জনপ্রিয় বাইক। প্রাথমিকভাবে এই সুবিধাটি ৫টি শহরের গ্রাহকদের জন্য চালু করা হয়েছে: বেঙ্গালুরু, গুরুগ্রাম, কলকাতা, লখনউ এবং মুম্বই।

গ্রাহকরা ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে পছন্দের মডেলটি অর্ডার করতে পারবেন এবং বিভিন্ন পেমেন্ট অপশন ব্যবহার করতে পারবেন। অনলাইন অর্ডার করার পর গাড়ির রেজিস্ট্রেশন, ডেলিভারি এবং অন্যান্য পরিষেবা সম্পর্কিত সমস্ত কাজ গ্রাহকদের পছন্দের রয়্যাল এনফিল্ড ডিলারের মাধ্যমেই পরিচালিত হবে।

রয়্যাল এনফিল্ডের সিইও বি গোবিন্দরাজন বলেন, “ফ্লিপকার্টের সঙ্গে এই অংশীদারিত্ব ডিজিটাল ক্রেতাদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে। এর ফলে গ্রাহকরা ঘরে বসেই সহজেই বাইক দেখে ও বুঝে অর্ডার করতে পারবেন।” তিনি জানান, খুব শীঘ্রই দেশের অন্যান্য শহরের জন্যও এই পরিষেবা চালু করা হবে।

GST সুবিধা ও দামের পরিবর্তন
রয়্যাল এনফিল্ড আরও জানিয়েছে যে, ফ্লিপকার্ট থেকে বাইক কিনলেও গ্রাহকরা ডিলারশিপের মতোই জিএসটি-এর সুবিধা পাবেন। নতুন GST 2.0 হার কার্যকর হওয়ায় সম্প্রতি 350 সিসি রেঞ্জের বাইকের দাম ২০,০০০ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছিল রয়্যাল এনফিল্ড। তবে, এর চেয়ে বড় মডেল, যেমন 650 সিসি বাইকগুলোর দাম ২৯,৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।