গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ হবে? শিক্ষকের আবেগপ্রবণ প্রশ্নের যা উত্তর দিল ছাত্র, তা এক কথায় অনবদ্য

গ্রীষ্মের ছুটির আগে স্কুলের ক্লাসরুম মানেই হইচই আর বাড়ি ফেরার তাড়া। দাদু-ঠাকুমার বাড়ি যাওয়ার পরিকল্পনায় মশগুল খুদে পড়ুয়ারা, আর তাদের শান্ত রাখতে গিয়ে হিমশিম দশা শিক্ষকদের। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ইন্টারনেটে হাসির রোল ফেলে দিয়েছে। যেখানে এক খুদে ছাত্রের তীক্ষ্ণ বুদ্ধি আর সরলতার কাছে হার মেনেছেন তার শিক্ষক স্বয়ং। ভিডিওটি দেখার পর থেকে নেটিজেনরা খুদে পড়ুয়ার উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ।
ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি সরকারি স্কুলের শ্রেণিকক্ষের। ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষক বেশ আবেগপ্রবণ হয়ে ছাত্রটিকে কাছে ডেকে জিজ্ঞাসা করছেন, “বলো তো, এখন কি স্কুল ছুটি হয়ে যাবে? আমার তো ভালো লাগবে না, তোমার কি ভালো লাগবে?” শিক্ষকের এই কথার আড়ালে যে কিছুটা মন খারাপের সুর ছিল, তা স্পষ্ট। কিন্তু উল্টোদিকে থাকা খুদে ছাত্রের চটজলদি উত্তর ছিল দেখার মতো। শিক্ষককে কোনো সুযোগ না দিয়েই সে বলে বসে, “থাকবে!”
ছাত্রের এমন জবাবে কিছুটা অবাক হয়ে শিক্ষক পাল্টা জিজ্ঞাসা করেন, “কেন?” এরপরই ওই শিশুটি যা উত্তর দেয়, তা শোনার জন্য শিক্ষক বা দর্শক কেউই প্রস্তুত ছিলেন না। শিশুটি অনায়াস ভঙ্গিতে বলে, “আপনি নিজেই ভেবে দেখুন। আমি ঠিক থাকব, আমি দিদিমার বাড়ি চলে যাব।” শিশুটির এই সোজাসাপ্টা উত্তর আর “আপনি নিজেই ভেবে দেখুন” কথাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে শিক্ষক বিবেক কুমার তাঁর নিজের অ্যাকাউন্ট @vkraj_1999 থেকে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। এখন পর্যন্ত এটি ৪৬ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং ১.২ মিলিয়নেরও বেশি মানুষ লাইক করেছেন। মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে পোস্টটির নিচে।
নেটিজেনদের মতে, শিশুটির সময়জ্ঞান এবং কথা বলার ধরন এককথায় সাবলীল। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, “ছোটু ইতিমধ্যেই নিজের ফিল্ডিং সাজিয়ে ফেলেছে!” আরেকজন মন্তব্য করেছেন, “বাহ বাবা, তুমি তো দারুণ মজা করেছ!” আবার কেউ কেউ বলছেন, শিশুটি যেভাবে কথা বলেছে, তাতে বোঝা যাচ্ছে সে স্পষ্টবাদী এবং ‘নো কমপ্রোমাইজ’ মোড চালু করে দিয়েছে। ভিডিওটি বুঝিয়ে দিল, ছোটদের সরলতাই অনেক সময় বড়দের সবথেকে বড় সমস্যার সমাধান বা বিনোদনের উৎস হয়ে দাঁড়ায়।