গোল্ড ডিগার’ তকমা! ২০ বছরের বড় পরিচালককে বিয়ে করে সমালোচিত অভিনেত্রী মহালক্ষ্মী

২০ বছরের বড় পরিচালককে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মহালক্ষ্মী। অনেকেই তাকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করেছেন। তবে এই সব কটাক্ষের জবাব দিয়েছেন মহালক্ষ্মী নিজেই। তিনি বলেন, তার স্বামী রবীন্দ্রর সম্পত্তির কারণে তাকে বিয়ে করেননি, বরং তারা একে অপরের ভালোবাসায় আবদ্ধ।
২০২২ সালের সেপ্টেম্বরে পরিচালক রবীন্দ্রর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহালক্ষ্মী। বিয়ের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মন্তব্য আসতে থাকে। বিশেষ করে যখন তারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন, তখন তাদের বয়সের পার্থক্য নিয়ে নানা ধরনের ট্রল করা হয়।
এই ট্রলের জবাবে মহালক্ষ্মী বলেছেন, তাদের ভালোবাসা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং অন্যের মন্তব্য তাদের উপর কোনো প্রভাব ফেলে না। রবীন্দ্রর সঙ্গে তার সম্পর্ককে যারা ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করেছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি নিজে কাজ করে রোজগার করেন এবং জীবনে ভালো আছেন।
মহালক্ষ্মী জানান, এটি রবীন্দ্রর দ্বিতীয় বিবাহ। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রবীন্দ্র মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মহালক্ষ্মী বলেছেন, ‘আমি তার প্রথম স্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ তার জন্যই আজ আমি রবীন্দ্রকে পেয়েছি।’ মহালক্ষ্মী আরও বলেন, তার স্বামী রবীন্দ্র একজন খুবই ভালো মনের মানুষ, এবং তারা একে অপরের পাশে দাঁড়াতে পেরে খুশি।