গুঞ্জন নয় সত্যি! অবশেষে বাগদান সারলেন রশ্মিকা-বিজয় দেবেরকোন্ডা, ফাঁস হলো বিয়ের তারিখ!

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত জুটি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরকোন্ডা। নিজেদের সম্পর্ক নিয়ে বরাবর মুখে কুলুপ এঁটে রাখলেও, অবশেষে ভক্তদের সেই গুঞ্জনই সত্যি হল! ঘনিষ্ঠ সূত্রে খবর, সম্প্রতি বাগদান সেরেছেন এই তারকা যুগল। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
বিজয় দেবেরকোন্ডার বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠান
ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুক্রবার থেকেই এই জুটির বাগদানের খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু শনিবার বিজয় দেবেরকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয় যে, ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতেই এক ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। এই একান্ত আয়োজনে উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। যদিও এই খবর আনুষ্ঠানিকভাবে তারকাদের পক্ষ থেকে এখনও জানানো হয়নি, তবুও তাঁদের ঘনিষ্ঠমহল এই সুখবর নিশ্চিত করেছে।
জানা যাচ্ছে, তাঁদের বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।
আংটিই দিল নীরব ঘোষণা!
বাগদানের খবরের পরপরই প্রথমবার জনসমক্ষে আসেন বিজয় দেবেরকোন্ডা। তিনি পরিবারের সঙ্গে শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে তাঁর সাধারণ টি-শার্ট এবং সানগ্লাস পরিহিত সুদর্শন লুকের চেয়েও অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়— তাঁর ডান হাতের অনামিকায় শোভা পাওয়া বাগদানের আংটিটি!
এই আংটি যেন নীরব অথচ শক্তিশালী এক ঘোষণার প্রতীক হয়ে উঠল। উৎসুক অনুরাগীরা তৎক্ষণাৎ আংটিটি লক্ষ্য করে নিশ্চিত হন যে বাগদানের খবরটি গুজব নয়।
অন্যদিকে, রশ্মিকা নীরব
বিজয় দেবেরকোন্ডার আংটি প্রদর্শনের ঠিক পরেই রশ্মিকা মন্দানা তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্টটি শেয়ার করেন। ভক্তরা আশা করেছিলেন, হয়তো এবার বিজয়কে নিয়ে কোনও ভালবাসামাখা পোস্ট বা বাগদানের ঝলক তিনি দেবেন। কিন্তু রশ্মিকা অনুরাগীদের কিছুটা নিরাশ করে সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘তুম মেরে না হুয়ে’ গানটির কয়েকটি ছবি ভাগ করেন এবং এর পিছনের একটি মজার গল্প তুলে ধরেন। যদিও রশ্মিকার এই পোস্টের নিচেও নেটিজেনরা অপেক্ষা করছেন— কবে নায়িকা বিজয়ের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করবেন!
‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই রশ্মিকা ও বিজয়ের প্রেম নিয়ে জল্পনা শুরু হয়। একসঙ্গে ঘোরাঘুরি, ছুটি কাটানো বা পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি— বারবার তাঁদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছে। যদিও তাঁরা বরাবর বলে এসেছেন, “আমরা শুধু ভালো বন্ধু।” আর এখন সেই বন্ধুত্বই রূপ নিচ্ছে বৈবাহিক সম্পর্কে। অনুরাগীদের দাবি, এই বিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় বিয়ে হতে চলেছে।