গাড়ির ভেতর যুগলের রক্তাক্ত দেহ! মধ্যপ্রদেশে জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের অশোকনগর জেলার ইসাগড় রোডের মাহানা গ্রামের কাছে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ি থেকে ২৬ বছর বয়সী যুবক হৃতিক সোনি ও ২৪ বছর বয়সী যুবতী মুসকান জৈনের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই মর্মান্তিক ঘটনাটি ঘিরেই বর্তমানে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বুধবার বিকেলে মুসকান জিমে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন, কিন্তু রাতে না ফেরায় পরিবার কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করে। অন্যদিকে, হৃতিকও নিখোঁজ ছিলেন। তদন্তে নেমে পুলিশ দু’জনের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে মাহানা গ্রামের কাছে পৌঁছায়। সেখানে একটি গাড়ির ভেতর দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, হৃতিকের মাথায় গুলির ক্ষত এবং তার মুখে পোড়া দাগ ছিল, অন্যদিকে মুসকানের গলায় ছিল গভীর ক্ষতের চিহ্ন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
হৃতিক ও মুসকান আগে ইন্দোরে একই কোম্পানিতে কাজ করতেন, সেখান থেকেই তাঁদের পরিচয়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, তবে আত্মহত্যার তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। স্থানীয় পুলিশ প্রশাসন, ফরেনসিক দল এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ বর্তমানে তাঁদের সম্পর্কের টানাপোড়েন, সোশ্যাল মিডিয়া কার্যকলাপ এবং কল ডিটেইলস খতিয়ে দেখছে। মৃতদের পরিবারের দাবি, এটি ঠান্ডা মাথার খুন। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ ও ঘটনার রহস্য স্পষ্ট হবে।