গাড়ির আয়না ভাঙার এত বড় শাস্তি! ২ কিমি ধাওয়া করে বাইক আরোহীকে পিষে মারল দম্পতি, আঁতকে উঠল বেঙ্গালুরু পুলিশ

গাড়ির আয়নায় সামান্য ঘষা লাগার মতো ছোট্ট ঘটনার জেরে বচসা। আর সেই ঘটনার বদলা নিতে দু’কিলোমিটার ধাওয়া করে বাইক আরোহীকে গাড়ি চাপা দিয়ে খুন করল এক দম্পতি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে।
দুর্ঘটনার বদলা, ২ কিমি ধাওয়া:
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর রাতে পুত্তেনাহাল্লি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম দর্শন, যিনি তাঁর বন্ধু বরুণের সঙ্গে বাইকে যাচ্ছিলেন। অভিযুক্ত দম্পতি মনোজ কুমার ও আরতি শর্মা গাড়ি চালাচ্ছিলেন। পাশাপাশি যাওয়ার সময় বাইক ও গাড়ির কাচে সামান্য ঘষা লাগে, যাতে কেউ আঘাত না পেলেও দু’পক্ষের মধ্যে বচসা হয়।
ক্ষুদ্র এই দুর্ঘটনার পরেই মনোজ ও আরতি বদলা নিতে উঠেপড়ে লাগে। তারা প্রায় দু’কিমি পথ বাইকটিকে পিছু ধাওয়া করে। এরপর সুযোগ বুঝে সজোরে বাইকের পিছনে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় দর্শন ও বরুণ ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই দর্শনের মৃত্যু হয়।
খুনের প্রমাণ সিসিটিভি ফুটেজে:
তদন্তে নেমেই পুলিশ আঁতকে ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ধাক্কা দেওয়ার পর দম্পতি গাড়িটি ইউটার্ন নেয় এবং আবারও মৃত ও আহতদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও, কিছুক্ষণ পর মাস্ক পরে ফিরে আসে এবং গাড়ির কিছু ভাঙা টুকরো নিয়ে যায়।
পুলিশ প্রথমে দুর্ঘটনার মামলা রুজু করলেও, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তা পরিকল্পনামাফিক খুনের মামলায় (ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায়) পরিণত করে। অভিযুক্ত মনোজ কুমার ও আরতি শর্মাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
মেয়েকে সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, বেঙ্গালুরুতে আরও এক নৃশংসতা
এদিকে, বেঙ্গালুরুতে দিন কয়েক আগে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। গত কয়েকদিন আগে এক বাস স্ট্যান্ডে ১২ বছরের মেয়ের সামনেই স্ত্রীকে পরপর ছুরির কোপ মেরে খুন করেন তাঁর স্বামী।
ঘটনা: ২৮ বছর বয়সী মৃত তরুণীর নাম রেখা, যিনি দুই সন্তানের মা। তাঁর স্বামী লোকেশ রেখাকে একটি কল সেন্টারের গাড়ির চালকের কাজ খুঁজে দিয়েছিলেন, যেখানে রেখাও কাজ করতেন।
খুনের কারণ: কাজে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই রেখার চরিত্র নিয়ে লোকেশের সন্দেহ ঘনায়। তাঁর সন্দেহ ছিল রেখা অন্য কোনও পুরুষের প্রতি আসক্ত।
হামলা: গতকাল সকালে রেখা মেয়ের সঙ্গে বাস স্ট্যান্ডে অপেক্ষা করার সময়ই লোকেশ ধারালো ছুরি নিয়ে হামলা চালান এবং রেখাকে কুপিয়ে খুন করেন।
স্থানীয়রা রেখাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত স্বামী লোকেশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তল্লাশি চলছে।