“খলিস্থানি থেকে আল কায়দা!”-১৫ অগাস্টের আগে টাঙানো হলো মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকা!

আসন্ন ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসকে ঘিরে এখন সাজো সাজো রব গোটা দেশজুড়ে, বিশেষ করে রাজধানী দিল্লিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই জাতীয় উৎসবকে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রাখতে দেশের রাজধানীজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট (High Alert)। নিরাপত্তার ছাদেমোড়া হয়েছে গোটা দিল্লি। কোনো রকমের ফাঁকফোকর রাখতে নারাজ নিরাপত্তা বাহিনী। এরই অংশ হিসেবে দিল্লির সমস্ত প্রধান জনবহুল স্থান এবং বাজারের দেওয়ালে টাঙানো হয়েছে ১৯ জন ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীর ছবিযুক্ত বিশেষ পোস্টার। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, এই জঙ্গিদের কোথাও দেখতে পেলেই যেন অবিলম্বে নিরাপত্তা বাহিনীকে খবর দেওয়া হয়।

কাদের ছবি রয়েছে এই পোস্টারে?

দিল্লি পুলিশের তরফে জারি করা এই পোস্টারগুলিতে নাম ও ছবি রয়েছে একাধিক কুখ্যাত জঙ্গি সংগঠনের শীর্ষসারির অপরাধীদের। এই তালিকায় যেমন রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন (Indian Mujahideen)-এর মতো জঙ্গি গোষ্ঠী, তেমনই রয়েছে আল কায়েদা (Al-Qaeda) এবং বিভিন্ন খালিস্তানি জঙ্গি সংগঠনের মাথাদের ছবি। উল্লেখযোগ্য জঙ্গিদের মধ্যে রয়েছেন:

  • ইন্ডিয়ান মুজাহিদিন: রিয়াজ ভাটকাল এবং শাবান্দ্রি মহম্মদ ইকবাল ওরফে ইকবাল ভাটকাল।

  • আল কায়েদা: মহম্মদ শার্জিল আখতার, আবু সুফিয়ান এবং সইদ মহম্মদ আরশিয়া।

  • খালিস্তানি জঙ্গিগোষ্ঠী: খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের রঞ্জিত সিং ওরফে নীতা ও পরমজিৎ সিং পাম্মা; খালিস্তানি টাইগার ফোর্সের অর্শদীপ সিং ওরফে আর্শ ডালা এবং হারবিন্দর সিং সাধু ওরফে রিন্না; এবং বাব্বার খালসা ইন্টারন্যাশনালের ওয়াদহাওয়া সিং বাব্বর ও গুরমিত সিং বাগ্গার।

সাধারণ মানুষকে এই জঙ্গিদের সম্পর্কে সচেতন করতেই দিল্লি পুলিশের এই অভিনব ও সতর্কতামূলক পদক্ষেপ।

প্রতিবারের মতো এবারও বিশেষ সতর্কতা

যদিও এই ধরনের নিরাপত্তা বলয় ও সতর্কতা নতুন কিছু নয়, বরং প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) এবং স্বাধীনতা দিবসের (১৫ অগাস্ট) আগে এই ধরনের আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকে দিল্লি পুলিশ।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ নাগরিকরাও এই মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং এদের কোনো গতিবিধির সন্ধান পেলে তা দ্রুত পুলিশকে জানাতে পারেন।

খবর দিলেই মিলবে মোটা টাকা পুরস্কার ও গোপনীয়তা রক্ষা

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই তালিকায় থাকা কোনো জঙ্গির খোঁজ বা সন্ধান পেলে অবিলম্বে পুলিশকে জানাতে হবে। সাধারণ মানুষ সরাসরি পুলিশের কন্ট্রোল রুমের ১১২ (112) নম্বরে ফোন করে তথ্য দিতে পারেন।

পুলিশ আরও জানিয়েছে, যে কোনো ব্যক্তি যদি এই সমস্ত মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের সম্পর্কে সঠিক ও নিখুঁত খবর দিতে পারেন, তবে তাঁর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি, তথ্যদাতাকে উপযুক্ত ও আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে পুলিশ প্রশাসন।