কোথায় টুলু? তল্লাশিতে বড় মোড়! শান্তিনিকেতন থেকে গ্রেফতার ৩ ম্যানেজার, জেরা শুরু সিবিআইয়ের

কোথায় টুলু? এই একটি মাত্র প্রশ্নই এখন ঘুম কেড়েছে তদন্তকারীদের। বহুল আলোচিত দুর্নীতির তদন্তে নেমে এবার আরও তিন প্রভাবশালী ম্যানেজারকে গ্রফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল বীরভূমের শান্তিনিকেতন এলাকা থেকে তিন অভিযুক্ত ম্যানেজারকে অত্যন্ত নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম এবং শেখ নুর আলম। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, এই মামলার মূল রহস্যভেদের চাবিকাঠি লুকিয়ে রয়েছে এই তিনজনের কাছেই।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, বিতর্কিত ‘DCR’-এর সমস্ত আর্থিক লেনদেন এবং টাকার ব্যবস্থাপনার মূল দায়িত্বে ছিলেন এই তিন ম্যানেজার। শুধু টাকার হিসেব-নিকেশ রাখাই নয়, বরং ‘DCR’ গেট পরিচালনা থেকে শুরু করে গোটা ব্যবস্থার নেপথ্যে কী চলছে, তার তদারকি করতেন এই ধৃত ব্যক্তিরাই। ফলে তাদের জেরা করে এবার ‘টুলু’র হদিশ পাওয়া যাবে বলেই জোরালো আশা করা হচ্ছে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় তদন্তকারী দল এবং একে একে তিন ম্যানেজারকে পাকড়াও করে।